চাঁবিপ্রবিতে আইন লঙ্ঘন করে প্রভাষককে বিভাগীয় প্রধান নিয়োগের অভিযোগ
৩১ মে, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

  

চাঁবিপ্রবিতে আইন লঙ্ঘন করে প্রভাষককে বিভাগীয় প্রধান নিয়োগের অভিযোগ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৮-০১-২০২৬ ০৮:৩১ অপরাহ্ন
চাঁবিপ্রবিতে আইন লঙ্ঘন করে প্রভাষককে বিভাগীয় প্রধান নিয়োগের অভিযোগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) আইসিটি বিভাগে বিভাগীয় চেয়ারম্যান নিয়োগে বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। সহযোগী বা সহকারী অধ্যাপক থাকা সত্ত্বেও কিংবা উচ্চতর পদের শিক্ষক না থাকলে সাময়িকভাবে কাউকে দায়িত্ব দেওয়ার বিধান থাকলেও, একজন প্রভাষককে সরাসরি তিন বছরের জন্য পূর্ণ মেয়াদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রভাষক নাজিম উদ্দিনকে আইসিটি বিভাগের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব অর্পণ করা হয়। এই নিয়োগের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ এর ধারা ২৫ অনুযায়ী বিভাগের অধ্যাপকদের মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে তিন বছর মেয়াদে উপাচার্য কর্তৃক বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত হবেন, অধ্যাপক না থাকলে সহযোগী অধ্যাপকদের মধ্য হতে এবং সহযোগী অধ্যাপক না থাকলে সহকারী অধ্যাপকদের মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনকে নিয়োগ দিতে হবে, স্পষ্টভাবে উল্লেখ আছে যে, সহকারী অধ্যাপক পদমর্যাদার নিচে কোনো শিক্ষককে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা যাবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, জ্যেষ্ঠতার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আল মামুন জানান, আইসিটি বিভাগে বর্তমানে তিনজন শিক্ষক (প্রভাষক) আছেন, যাদের মধ্যে নাজিম উদ্দিন জ্যেষ্ঠ।

তবে অনুসন্ধানে জানা গেছে, বিভাগটিতে সহযোগী অধ্যাপকের পদ শূন্য রয়েছে এবং নিয়োগের জন্য ইউজিসি-র অনাপত্তিপত্র প্রক্রিয়াধীন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থায় বড়জোর কাউকে 'ভারপ্রাপ্ত' বা 'চলতি দায়িত্ব' দেওয়া যেত, কিন্তু তিন বছরের জন্য পূর্ণ নিয়োগ দেওয়া আইনত বৈধ নয়।

একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের মতে, লোকবল সংকট থাকলে সাময়িকভাবে কাউকে দায়িত্ব দেওয়া প্রচলিত নিয়ম। কিন্তু নবম গ্রেডের একজন প্রভাষককে পঞ্চম বা ষষ্ঠ গ্রেডের পদের (চেয়ারম্যান) দায়িত্ব ৩ বছরের জন্য প্রদান করা সরাসরি আইনের পরিপন্থী।

যেখানে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান, সেখানে তড়িঘড়ি করে একজন প্রভাষককে দীর্ঘমেয়াদী প্রশাসনিক ক্ষমতা দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। অনাপত্তিপত্র পাওয়ার পর নতুন সহযোগী অধ্যাপক যোগদান করলে এই পদায়ন নিয়ে জটিলতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৮-০১-২০২৬ ০৮:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 98 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া