শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০২-২০২৬ ০২:১২ অপরাহ্ন |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো: শাহজাহান মিয়া বলেন,“দেশের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। দুর্নীতিবাজদের সাথে জনগণ নেই। তরুণ সমাজ আজ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, সুশাসন চায়। পরিবর্তনের প্রত্যাশায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছে দাড়িপাল্লা মার্কা। ভোটাররা এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রায় দেবেন।
গতকাল বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে হাইমচর উপজেলার ৯নং ওয়ার্ড শহর আলী মোড়, বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, তেলিরমোড় বাজারসহ বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন এডভোকেট শাহজাহান মিয়া।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা ক্ষমতার অপব্যবহার করে দেশের সম্পদ লুট করেছে, জনগণ আর তাদের দেখতে চায় না। দাঁড়িপাল্লা প্রতীক হলো ইনসাফ, সততা ও ন্যায়ের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই জনগণ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন,“আপনার একটি ভোটই পারে অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে। ইনশাআল্লাহ, জনগণের ঐক্যবদ্ধ ভোটেই পরিবর্তনের সূচনা হবে।
গণসংযোগ কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাহাবুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসেন, সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন বাহার, উপজেলা জামায়াতের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আলী আকবর, সহ সেক্রেটারী মাওলানা আবু জাফর সাদিক, সহকারী সেক্রেটারী ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুর রহমান আশরাফি।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান (মডেল), সেক্রেটারী মাস্টার আবু হানিফ, ৬নং চরভৈরভী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল মান্নান, ২নং উত্তর আলগী ইউনিয়ন আমীর ওমর ফারুক, ৮নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ এনায়েত উল্লাহ কাজী, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, হাইমচর উপজেলা যুব বিভাগের সভাপতি সালাহউদ্দিন রুমী, হাইমচর উপজেলা এনসিপি আহ্বায় মোখলেছুর রহমান মুকুল সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া