শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০২-২০২৬ ১০:১৬ অপরাহ্ন |
শাহরাস্তি পৌরসভার কালিয়াপাড়া বাজার এলাকায় কুমিল্লা–চাঁদপুর মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত সরকারি খালের ওপর পাইপ স্থাপন এবং বালু ফেলে নির্মিত অবৈধ স্থাপনাগুলো অভিযানে অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। অভিযানে সার্বিক সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন,সরকারি খাল, জলাশয় ও সম্পত্তি দখলমুক্ত রাখা আমাদের দায়িত্ব। অবৈধ দখলের কারণে জলাবদ্ধতা ও পরিবেশগত ক্ষতি হয়। এসব বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন,সরকারি খাল ও জলাশয়ের ওপর যেকোনো ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, শাহরাস্তি থানা পুলিশ এবং শাহরাস্তি পৌরসভার কর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সহ-সহকারী প্রকৌশলী মোঃ মাহবুবুর রশীদ, শাহরাস্তি থানার এসআই ফরিদ উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা,প্রধান হিসাব সহকারী নজরুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি খাল, জলাশয় ও সরকারি সম্পত্তি রক্ষায় দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া