পূর্বের ঘোষণা অনুযায়ী একটি চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে :লায়ন হারুন
১৭ এপ্রিল, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

  

পূর্বের ঘোষণা অনুযায়ী একটি চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে :লায়ন হারুন

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০৬-০২-২০২৬ ১১:১৫ অপরাহ্ন
পূর্বের ঘোষণা অনুযায়ী একটি চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে :লায়ন হারুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে পুর্বের ঘোষণা অনুযায়ী নির্বাচনী সহিংসতা, নাশকতা ও ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। তিনি উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের প্রার্থী মো. আব্দুল হান্নানের অনুসারীদের একটি অংশ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনা সংসদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রধান সমন্বয়ক শরীফ মোহাম্মদ ইউনুছ লিখিত বক্তব্য পাঠ করেন, তিনি বলেন গত ৩ নভেম্বর ২০২৫ সালে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই ফরিদগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকায় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে বাধা, বিলবোর্ডে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমনকি বেশ কয়েকজন প্রকাশ্যে ফরিদগঞ্জ অচল করে দেয়ার ঘোষণা দেয়। বক্তব্যে আরও বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে প্রচার চালালেও একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ব্যক্তি অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করা হয়। গত ৫ ফেব্রুয়ারি গুপ্টি পশ্চিম ইউনিয়নে ধানের শীষের সমর্থকদের প্রচারণাকালে হামলার অভিযোগ তুলে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে মিছিলে আক্রমণ করা হয় এবং এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একইসঙ্গে দলের ত্যাগী নেতাকর্মীদের আর্থিক প্রলোভন ও চাকরির আশ্বাস দিয়ে দলত্যাগে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিদ্বন্দ্বী পক্ষ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ, ভোট কেনার চেষ্টা এবং বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলছে। রূপসা বাজার ও খাজুরিয়া বাজার এলাকায় দোকানপাট, সিএনজি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও উল্লেখ করা হয়। বক্তারা বলেন, অতীতে লায়ন মো. হারুনুর রশিদ ও তার পরিবারের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো কটূক্তি করা হয়নি। বরং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলে তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের আহ্বান জানানো হয়। একইসঙ্গে ফরিদগঞ্জবাসীকে মিথ্যাচার ও সহিংস রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খল রাজনীতিতে বিশ্বাসী। জনগণের জানমাল রক্ষায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।” এসময় উপস্থিত ছিলেন, এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল, মাহফুজুর রহমান টিপু, আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, পৌর যুবদলের সাবেক আহবায়ক এ্যাড. মহসিন মোল্লা, জেলা ছাত্রদলের সদস্য ফজলুর রহমান ছাড়াও বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।#

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০৬-০২-২০২৬ ১১:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 39 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া