শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৭-০২-২০২৬ ১১:৫১ অপরাহ্ন |
“প্রতিটি শিক্ষার্থীকে উদ্যোক্তা ও দক্ষ কর্মী হতে প্রস্তুত থাকতে হবে” জেলা শিক্ষা অফিস, সহকারী পরিদর্শক মো: আজিজুল হক
চাঁদপুরের বাবুরহাটে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে ‘চাকরির মেলা ২০২৬' শীর্ষক কর্মসংস্থান মেলা শনিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। “Empowering Engineers, Connecting Careers” স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসংস্থানের সুযোগ ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিস, সহকারী পরিদর্শক- মো: আজিজুল হক। তিনি বলেন, আজকের এই চাকরির মেলা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি স্বপ্নপথের সূচনা। বর্তমান যুগে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনই আপনাদের ভবিষ্যতের চাবিকাঠি। এই মেলায় উপস্থিত প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হাতে এমন এক সোপান দিচ্ছে, যার মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা যাচাই করতে পারে, নতুন দক্ষতা অর্জন করতে পারে এবং প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আত্মবিশ্বাস ও নৈতিক দক্ষতা বৃদ্ধি করবে। আপনারা যে যত্নের সঙ্গে নিজের রেজুমে প্রস্তুত করবেন, ততই চাকরির বাজারে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা শুধু চাকরির সুযোগ খুঁজে পাবে না, বরং আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা, নেতৃত্বের গুণাবলী ও সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন করবে। উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও আপনারা নিজেদের প্রস্তুত করুন। মনে রাখবেন, দেশ ও সমাজের উন্নয়নে দক্ষ কারিগরি জনবলই প্রধান চালিকাশক্তি। তাই প্রতিটি শিক্ষার্থীকে উৎসাহিত করা হচ্ছে, বাস্তব অভিজ্ঞতা অর্জন করুন, যোগাযোগের দক্ষতা বাড়ান এবং নতুন ধারণার সঙ্গে মানিয়ে চলুন। আমি আশা করি, আজকের এই মেলা আপনাদের জন্য একটি প্রেরণা, যা ভবিষ্যতে আপনাদের ক্যারিয়ারের পথকে সুগম ও সাফল্যময় করে তুলবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, বাবুরহাট আশিকাটি শাখা, সভাপতি- সেলিম মিয়া।
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক- সিনথিয়া আক্তার এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেপুটি ডিরেক্টর, অল পলিটেকনিক ইনস্টিটিউট আন্ডার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক- কে এম পারভেজ ববি, ডেপুটি ডিরেক্টর, চাঁদপুর ড্যাফোডিল গ্রুপ- মো: জাফর ইকবাল খান, অধ্যক্ষ, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ- হারুনুর রশিদ চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট- জহিরুল ইসলাম ফরহাদ, অধ্যক্ষ, ডিআইইটি পলিটেকনিক ইনস্টিটিউট- মো: আব্দুল হাকিম, অধ্যক্ষ, মুন্সিরহাট হাই স্কুল- মো: শাহাদাত হোসেন, অধ্যক্ষ, আক্কাস আলী রেলওয়ে একাডেমী- গোফরান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাব- কাদের পলাশ, ইন্সট্রাক্টর, চাঁদপুর মেরিন একাডেমি- রবিন মিত্র, প্রতিনিধি, হাজিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট- মো: সাহাজালাল।
উদ্বোধন ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সুবিধার্থে মেলা কেন্দ্রে মোট ১৯টি স্টল বসানো হয়, যেখানে বিভিন্ন কোম্পানি শিক্ষার্থীদের সরাসরি চাকরির সুযোগ, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় যোগ্যতা বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। শিক্ষার্থীরা রেজুমে জমা দিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
উক্ত চাকরির মেলাটি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এবং স্কিলজবস এর কৌশলগত সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন ও চাকরির বাজার সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে সক্ষম হন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া