শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০২-২০২৬ ০৮:৫৬ অপরাহ্ন |
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
গ্রেপ্তাররা হলেন—বিকাশের এসআর মো. রাব্বি (২২) এবং তার সহযোগী ফরহাদ হোসেন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মেসার্স দিবা এন্টারপ্রাইজ (বিকাশ লিমিটেডের ডিস্ট্রিবিউটর)-এর ডিএসও মো. রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট সংলগ্ন ঢাকা ব্যাংক শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের কাছে ওই টাকা বিতরণ করার কথা ছিল তার।
কিন্তু টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন। পরে তিনি অফিসে ফোন করে দাবি করেন, তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ ও হামলার ঘটনাটি সাজানো বলে স্বীকার করেন। পরে তার দেখানো মতে বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম গাজী ও তার সঙ্গে থাকা ফোর্স ওই টাকা উদ্ধার করে। এ ঘটনায় সহযোগী হিসেবে ফরহাদ হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪০৭, ৪২০ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, ‘অভিযুক্তরা বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকার দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেছিল। উদ্ধার করা টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন। অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া