ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ ও পিঠা উৎসব
৩১ মে, ২০২৬ ০৮:০৩ অপরাহ্ন

  

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ ও পিঠা উৎসব

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৭-০২-২০২৬ ০৫:০৪ অপরাহ্ন
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ ও পিঠা উৎসব

বসন্তের রঙ, পিঠার ঘ্রাণ আর সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছিল ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বসন্তবরণ ও পিঠা উৎসব।

‎কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ আয়োজনে এ উৎসবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সৃজনশীলতা ও নান্দনিকতার ছোঁয়ায় ভিন্ন ভিন্ন নামে মোট আঠারো টি স্টল স্থাপন করেন। প্রতিটি স্টলে সাজানো ছিল বাহারি ও ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা। রঙিন সাজসজ্জা ও পিঠার বৈচিত্র্যে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত আবহ। সকাল থেকে বিকেল পর্যন্ত স্টলগুলোতে চলে পিঠার প্রদর্শনী ও ক্রয়-বিক্রয়। শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের সরব উপস্থিতিতে উৎসব প্রাণ পায়।

‎সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ মাছুম বিল্লাহ। উদ্বোধনের পর তিনি আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের আয়োজনের প্রশংসা করেন। পরে অংশগ্রহণকারী আঠারো টি স্টলের মধ্য থেকে উপস্থাপনা, সৃজনশীলতা ও সার্বিক ব্যবস্থাপনার ভিত্তিতে তিনটি সেরা স্টলকে পুরস্কৃত করা হয়।

‎উৎসবের আনন্দকে আরও বর্ণিল করে তোলে শিক্ষার্থীদের পরিবেশিত কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। বসন্তের আবহে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিনজনকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন কলেজের অধ্যক্ষ ও উপস্থিত অতিথিরা।
‎শিক্ষার্থীদের সঙ্গে বসন্তের শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ বলেন, বসন্তবরণ ও পিঠা উৎসব বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত করে এবং আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ধারণে উদ্বুদ্ধ করে।

‎এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নাছির উদ্দিন, প্রভাষক শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক রোমেনা সুলতানা ও প্রভাষক শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মো: মোবারক করিম খান, সিনিয়র প্রভাষক শরীফ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, প্রভাষক রাশেদ আহমদ মুরাদ, আব্দুল হান্নান শেখ, শারমিন আক্তার, ফাহিমা সুলতানা, শামিয়া আফরোজ, মোহাম্মদ আনিছুর রহমান মজুমদার, মোঃ বেলায়েত হোসেন, মোঃ আকরাম হোসেন সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

প্রতিবেদক: মোঃ নাঈম হোসেন পলোয়ান


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-০২-২০২৬ ০৫:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া