শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৩-০২-২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন |
চাঁদপুরের ৮০টি দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য- শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জনগণের জন্য কাজ করার মূল কারিগর হচ্ছেন এই জেলার দপ্তর প্রধানরা। একা কারও পক্ষে উন্নয়ন সম্ভব নয়। ‘আমি’ নয়, ‘আমরা’—এই চেতনা ধারণ করে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে চাঁদপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হবে।
মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, একদিনে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রশাসন, পরিবার ও সমাজ একসঙ্গে কাজ করলে মাদকের বিস্তার কমানো যাবে। একইসঙ্গে কিশোর গ্যাং দমনে চলমান উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তিনি।
শিক্ষা ও স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত হয় না। সিভিল সার্জনকে অধীনস্থদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির অসামঞ্জস্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কলেজে ভর্তি হয় ৭০ জন, অথচ নিয়মিত ক্লাস করে মাত্র ১০ জন—এই অবস্থা চলতে পারে না। এ সমস্যা সমাধানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়মিত অভিভাবক সমাবেশ ও ওরিয়েন্টেশন সভা আয়োজনের আহ্বান জানান তিনি।
ইপিজেড, চার লেন সড়ক ও বিশুদ্ধ পানির মেগা প্রকল্পের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, চাঁদপুরে দুটি ইপিজেড স্থাপনের চিন্তা রয়েছে। অন্তত একটি দ্রুত বাস্তবায়ন করা গেলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চাঁদপুর-হাইমচর সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে খাল খনন ও নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে খাল খনন কার্যক্রম পরিচালনার কথা জানান। এছাড়া ২ হাজার ৩০০ কোটি টাকার একটি বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান, যা বাস্তবায়িত হলে চাঁদপুর ও কুমিল্লা অঞ্চলের মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।
পৌরসভার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে গতি আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক সময় পরিকল্পনা গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন হয় না—এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জেলায় খেলাধুলার পরিবেশ উন্নয়ন, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, বালু সংক্রান্ত সহিংসতা বন্ধ এবং পাসপোর্ট অফিসের অনিয়ম দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। হাসপাতালকে দালালমুক্ত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ করতে পারলে মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। জনগণের সেবাকে প্রাধান্য দিয়ে কাজ করলে চাঁদপুরকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও বাসযোগ্য জেলায় রূপান্তর করা সম্ভব।
জেলা প্রশাসক- মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার- মো. রবিউল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক- অ্যাড. সলিম উল্যা সেলিম এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি- সোহেল রুশদী।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- এরশাদ উদ্দিন, সিভিল সার্জন- ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক- ডা. এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ- আব্দুল মান্নান, এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী- মো. আহসান কবির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী- মনজুরুল আলম শরীফ, সড়ক বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী- আলিউর হোসেন, গণপূর্ত বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী- নাসিম আহমেদ টিটো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক- মুহাঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার- এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার- মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী- হিমাদ্রিক হিসা, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক- মিজানুর রহমান, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট- শোয়েবুর রহমান, নির্বাচন কর্মকর্তা -জিয়াউর রহমান খলিফা, জেলা বিএনপির সহ-সভাপতি- দেওয়ান মো. সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি- আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক- অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি- শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক- হযরত আলী ঢালীসহ চাঁদপুরের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া