মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে ফরিদগঞ্জ: এম এ হান্নান
০১ মে, ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে ফরিদগঞ্জ: এম এ হান্নান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৩-০২-২০২৬ ১১:৩২ অপরাহ্ন
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে ফরিদগঞ্জ: এম এ হান্নান
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, ফরিদগঞ্জের মাটিতে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। তিনি বলেন, “আমি রাতের ভোটে বা প্রশাসনের সহযোগিতায় নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী ফরিদগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবো।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফরিদগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় এমপি হান্নান প্রশাসন ও পুলিশকে জনগণের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগের নির্দেশ দেন। তিনি বলেন, “অপরাধী যদি আমি বা আমার ছেলেও হয়, তার কোনো ক্ষমা নেই।” তিনি আরও বলেন, অতীতে যা হয়েছে তা নিয়ে প্রশ্ন না তুলে ভবিষ্যতে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না এবং অবৈধ তদবির বরদাশত করা হবে না।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারি কাজে কেউ বাধা দিতে পারে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি পুলিশ প্রশাসনকে নিরীহ মানুষকে হয়রানি না করার আহ্বান জানান এবং বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে আইনি সুযোগ দিয়ে গ্রেপ্তার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও তিনি সতর্ক করেন।

নিজের জবাবদিহিতার বিষয়েও তিনি বলেন, “আমার কোনো ভুল হলে এমন সভায় নির্ভয়ে তুলে ধরবেন। আমি সামনাসামনি কথা বলি। প্রয়োজনে সংসদেও বিষয় উত্থাপন করবো।” ফরিদগঞ্জবাসীর উন্নয়নে সবার মতামত নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গে এমপি হান্নান জানান, গত এক বছরে তিনি প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন কাজ এনেছেন এবং পূর্বে প্রায় ২০০ কিলোমিটার সড়ক নির্মাণ করেছেন, যা অন্য কোনো জনপ্রতিনিধি করতে পারেননি বলে দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, এইচ এম হারুনুর রশিদ, শাহ আল শেখ, বেলায়েত হোসেন, মহসিন হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম ও হুমায়ুন কবির প্রমুখ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০২-২০২৬ ১১:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 81 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া