মতলবে প্রবাসীর স্ত্রী দুই সন্তানসহ নিখোঁজ, থানায় জিডি
২৫ মে, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন

  

মতলবে প্রবাসীর স্ত্রী দুই সন্তানসহ নিখোঁজ, থানায় জিডি

মিজানুর রহমান
২৮-০২-২০২৬ ০৫:১৭ অপরাহ্ন
মতলবে প্রবাসীর স্ত্রী দুই সন্তানসহ নিখোঁজ, থানায় জিডি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী দুই সন্তানকে নিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রবাসীর মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ জান্নাত বেগম (৩১) উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের উত্তর পিংড়া গ্রামের মৃত খলিল মিয়াজীর ছেলে বোরহান উদ্দিন মিয়াজীর স্ত্রী। বোরহান উদ্দিন বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার মা আনোয়ারা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ১২৩৪। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৩ থেকে ১৪ বছর আগে একই উপজেলার উপাদী নেছার আড়ং বাজার সংলগ্ন এলাকার খোরশেদ বকাউলের মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে বোরহান উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছর বয়সী কন্যা তানজিলা ও ৯ বছর বয়সী ছেলে তামিম রয়েছে। পরিবার দাবি করেছে, দাম্পত্য জীবনে তাদের মধ্যে কোনো বিরোধ বা কলহ ছিল না। বোরহান উদ্দিন দীর্ঘ প্রায় ১৮ থেকে ২০ বছর ধরে বাহরাইন, কাতার ও সৌদি আরবে কর্মরত। বর্তমানে তিনি সৌদি আরবেই আছেন। সন্তানদের মাদ্রাসায় পড়াশোনার সুবিধার্থে স্বামীর সম্মতি নিয়ে প্রায় এক বছর ধরে মতলব পৌরসভার ছাত্তার মাস্টার মোড় এলাকায় বাবু নামে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে দুই সন্তানসহ বসবাস করছিলেন জান্নাত বেগম। বাসার পাশের একটি মাদ্রাসায় সন্তানদের ভর্তি করা হয়। অভিযোগ রয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ওই বাসার আসবাবপত্রসহ দুই সন্তানকে নিয়ে তিনি চলে যান। পরিবারের দাবি, কার সঙ্গে গেছেন সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ নেই। তবে স্থানীয়রা জানিয়েছেন, অজ্ঞাতনামা এক যুবককে প্রায়ই বাসায় আসা-যাওয়া করতে দেখা গেছে। পরিবারের ধারণা, পরকীয়ার সূত্র ধরে তিনি চলে যেতে পারেন। সৌদি প্রবাসী বোরহান উদ্দিন বলেন, তিনি তার স্ত্রীকে বিশ্বাস করতেন এবং কখনো সন্দেহের অবকাশ তৈরি হয়নি। বাড়িতে ভবন নির্মাণের জন্য স্ত্রীর ব্যাংক হিসাবে ১৮ থেকে ২০ লাখ টাকা পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি। এছাড়া স্বর্ণালঙ্কারেরও নির্দিষ্ট হিসাব নেই। এমন ঘটনার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলেও জানান তিনি। মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক অখিল চন্দ্র সরকার জানান, এ ঘটনায় থানায় একটি নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মিজানুর রহমান ২৮-০২-২০২৬ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 75 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া