শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৮-০৩-২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন |
শিক্ষিত ও দক্ষ নারীরাই সমাজ উন্নয়নের চালিকাশক্তি : জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজনে ছিল জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, চাঁদপুর এবং সহযোগিতায় ছিল সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক- মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে নারীরা শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দক্ষতার সঙ্গে কাজ করে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, নারীদের এগিয়ে যাওয়ার জন্য পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। একজন নারীর সবচেয়ে বড় শক্তি তার পরিবার, বিশেষ করে স্বামী ও পুরুষের সহযোগিতা ও সম্মান। পরিবারে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা থাকলে নারীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে পরিবার এবং পরিবারের সবচেয়ে বড় শক্তি হচ্ছেন মা। একজন মায়ের সঠিক দিকনির্দেশনা ও ত্যাগের মাধ্যমেই একটি সুন্দর পরিবার, সমাজ ও দেশ গড়ে ওঠে। নারীর ত্যাগ, মেধা ও পরিশ্রমের কারণেই আজকের বাংলাদেশ আরও সমৃদ্ধ ও সুন্দর হয়ে উঠছে। তিনি নারীদের যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজের কল্যাণে আরও বেশি করে কাজ করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট- উজালা রানী চাকমা এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার- নাদিরা নূর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক- নাছিমা আক্তার।
প্রোগ্রাম অফিসার- এস. এম. তানভীর রশিদের সঞ্চালনায়, আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সভাপতি- বিল্লাল হোসেন মিয়াজী, প্রেসক্লাবের সভাপতি- সোহেল রুশদী, জজ কোর্টের অতিরিক্ত পিপি- কোহিনূর আক্তার, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি- মনিরা আক্তার, সবাই মিলে নারী উন্নয়ন সংস্থার, সভানেত্রী- তানিয়া ইসলাম এবং জেলা সনাকের সভাপতি- আলাউদ্দিন পাটোয়ারী।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া