মতলবে আলুর বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় চাষীরা
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:২১ অপরাহ্ন

  

মতলবে আলুর বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় চাষীরা

মিজানুর রহমান
১৯-০৩-২০২৬ ০৬:৫০ পূর্বাহ্ন
মতলবে আলুর বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় চাষীরা
মতলব দক্ষিণ উপজেলায় ২ টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু ফলন ভালো হলেও আনন্দের হাসি নেই কৃষকের মুখে। গতবারের মতো এবারও ক্ষতির দুশ্চিন্তায় চাষীরা। দাম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অধিকাংশ কৃষক। এদিকে আলু সংরক্ষণের জন্য হিমাগারে পর্যাপ্ত জায়গা নেই বলে বেপারীদের জানিয়েছে হিমাগার কর্তৃপক্ষ। হিমাগারে সংরক্ষণ ও আলুর বিকল্প ব্যবহার নিশ্চিত করা গেলে ক্ষতি কমানো সম্ভব বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার মতলব পৌরসভা, নারায়ণপুর পৌরসভা, উপাধি উত্তর ইউনিয়ন, উপাধি দক্ষিণ ইউনিয়ন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ও খাদেরগাঁও ইউনিয়নে মোট আলু আবাদ হয়েছে ১৯০৭ হেক্টর জমিতে। গড় উৎপাদন হেক্টর প্রতি ২৮ টন। কৃষকরা দিনরাত পরিশ্রম করে আলু ঘরে তুলছেন। আয়-রোজগার করার লক্ষ্যে রাত-বিরাত আলুভর্তি ট্রাক, মিনি ট্রাক, পিকাপ ও অটো দিয়ে পরিবহন করে হিমাগারে নিয়ে যাচ্ছেন কৃষকরা। উপজেলার ডিঙাভাঙা, দগরপুর,দিঘলদী, নারায়নপুর, আশ্বিনপুর, খরগপুর, পাঠন, পিতামবর্দ্দি, আধারা, খিদিরপুর, কাজিয়ারা, নায়েরগাঁও এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা এখন খেত থেকে আলু তুলে বাড়িতে নিয়ে যাচ্ছেন। অনেক কৃষক মাঠ থেকেই হিমাগারে সংরক্ষণের জন্য নিয়ে যাচ্ছে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা গেলেও, দাম নিয়ে রয়েছেন ব্যাপক দুশ্চিন্তায়। এছাড়াও উপজেলার তিনটি হিমাগারের মধ্যে বর্তমানে দুটি চালু থাকায় আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে কৃষকরা। মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙা গ্রামের আলুচাষি জাহিদ হোসেন বলেন,আলুর দাম আশানুরূপ নাই। আমাগো পুরা কপাল। কি করমু আমরা? গতবারের লোকসান টা এবার উঠে যাবে ভাবছিলাম। কিন্তু গত বছরের চেয়ে এবার আরও বেশি ক্ষতি হবে। আরেক কৃষক নায়েরগাঁও গ্রামের আলম প্রধান বলেন, আলুর ফলন ভালো হয়েছে। বছরে একবার আলু চাষ করি। এতেই আমাগো সারা বছর সংসার চলে। দিনরাত কষ্ট করছি খেতে। নিজেরা কাজ করছি,অন্যদের দিয়েও করাইছি। অনেক টাকা খরচ হইছে। এখন যদি দাম কম হয় আমাগো অবস্থা কি হইবো? কৃষক বশির মোল্লা,কালু বেপারী, দুলাল বেপারী ও রিহাদ হোসেন বলেন, আমাগো আলুর ফলন ভালো হইছে। পরিশ্রমও করেছি অনেক।এখন দাম ভালো পাইলে আলহামদুলিল্লাহ। মার্শাল কোল্ড স্টোরেজ এর ম্যানেজার জিয়াউর রহমান বলেন, আমাদের এই হিমাগারের ধারণক্ষমতা ১০ হাজার টন এবং উপজেলার নায়েরগাঁ হিমাগারের ধারন ক্ষমতা আমাদের মতোই। হিমাগার প্রায় ভরপুর হয়ে যাচ্ছে। মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য বলেন, উপজেলার প্রায় সব এলাকায় বিভিন্ন জাতের আলু উৎপাদন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় পোকামাকড় আক্রমণ না করায় আলুর ফলন ভালো হয়েছে। মাঠ পর্যায়ে আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছি।

মিজানুর রহমান ১৯-০৩-২০২৬ ০৬:৫০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 41 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া