স্বাধীনতা দিবসে মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজন
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন

  

স্বাধীনতা দিবসে মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজন

মিজানুর রহমান
২৭-০৩-২০২৬ ০৫:১৪ পূর্বাহ্ন
স্বাধীনতা দিবসে মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মতলব নিউ হোস্টেল মাঠ সংলগ্ন ‘দীপ্ত বাংলা’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। পরে পৌর প্রশাসকের পক্ষ থেকেও তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে পুলিশ সদস্যরা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মতলব প্রেসক্লাব পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল ও সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগরের নেতৃত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার ও জাকির হোসেন প্রধানের নেতৃত্বে পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিউ হোস্টেল মাঠে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। এ সময় বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী এবং গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ সরকার। স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন, মহান স্বাধীনতা দিবসে শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশবাসী ও উপজেলাবাসীকে দিবসটির শুভেচ্ছা জানান এবং উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জসিম উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার ও সদস্য সচিব মোস্তফা কামাল। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

মিজানুর রহমান ২৭-০৩-২০২৬ ০৫:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া