চাঁদপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন

  

চাঁদপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০১-০৪-২০২৬ ০৬:২৯ অপরাহ্ন
চাঁদপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা
চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় এবং ব্যবসায়িক অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) শহরের ৫নং রেলওয়ে ঘাট এলাকায় এক বিশেষ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে অভিযুক্ত প্রতিষ্ঠান 'মেসার্স শাহাজালাল ট্রেডার্স'-এ একাধিক গুরুতর অনিয়ম পাওয়া যায়। যার মধ্যে রয়েছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি। বিক্রয় রেজিস্টারে তথ্যের সঠিক এন্ট্রি না থাকা। একাধিক বিক্রয় মেমো বই ব্যবহার করে কারচুপি। দোকানে দৃশ্যমান মূল্য তালিকা না থাকা।

এই অপরাধগুলোর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ প্রদান করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, "অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করেছে।"

তিনি আরও জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়েছে। অভিযান চলাকালীন জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

এদিনের অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের অধিকার রক্ষায় এই ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৪-২০২৬ ০৬:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 41 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া