মতলব দক্ষিণে অবৈধ ডিজেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
০৮ এপ্রিল, ২০২৬ ০১:৫৫ পূর্বাহ্ন

  

মতলব দক্ষিণে অবৈধ ডিজেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৪-০৪-২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন
মতলব দক্ষিণে অবৈধ ডিজেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ৩৫০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জ্বালানি তেল বিক্রির লাইসেন্স না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে মো. হাসান (৩২) নামে এক খুচরা বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​গতকাল ৩ এপ্রিল (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর নওগাঁও ঢালী মার্কেটে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। দণ্ডপ্রাপ্ত মো. হাসান ওই গ্রামের মুকবুল হোসেনের ছেলে।

​পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ঢালী মার্কেটে হাসানের দোকানে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ডিজেল মজুত করে চড়া দামে বিক্রি করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে যৌথ দল। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।

​তল্লাশির সময় দোকান মালিক হাসান জ্বালানি তেল বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স কিংবা মূল্য তালিকা দেখাতে ব্যর্থ হন। এরপর তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং দোকান থেকে ৩৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।

​শুক্রবার রাতেই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

​ইউএনও কেএম ইশমাম জানান, "লাইসেন্স ব্যতীত জ্বালানি তেল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ডিজেল বিক্রি করার অপরাধে এই জরিমানা করা হয়েছে। জব্দকৃত ৩৫০ লিটার ডিজেল জনস্বার্থে মতলব দক্ষিণ থানার দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।"

​সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, "যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"

​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৪-২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 40 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া