চট্টগ্রামে জ্বালানি সংকটে সমুদ্রগামী শত শত ট্রলার-জাহাজ অলস বসে আছে
১৬ এপ্রিল, ২০২৬ ০২:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চট্টগ্রামে জ্বালানি সংকটে সমুদ্রগামী শত শত ট্রলার-জাহাজ অলস বসে আছে

চট্টগ্রাম ব্যুরো:
১৩-০৪-২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন
চট্টগ্রামে জ্বালানি সংকটে সমুদ্রগামী শত শত ট্রলার-জাহাজ অলস বসে আছে

চট্টগ্রামে ডিজেল সংকটের কারণে সমুদ্রে মাছ ধরার ট্রলার ও পণ্য পরিবহনে ব্যবহৃত লাইটার জাহাজগুলো বড় ধরনের সংকটে পড়েছে। জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় কর্ণফুলী নদীর তীরে শত শত মাছ ধরার ট্রলার ও লাইটার জাহাজ অলস বসে আছে। ফলে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চট্টগ্রামের ফিসারি ঘাটেও প্রভাব পড়েছে। গত কয়েকদিন ধরে ঘাটে আসছে না আগের মতো মাছ। বাজারেও মাছের দরে প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কারণ আগের মতো মাছ না আসায় যা আসছে তা বেশি দামে বিক্রি হচ্ছে। আবার রফতানি পণ্য ব্যবস্থাপনায় নিয়োজিত বেসরকারি ডিপোতেও এর প্রভাব পড়ার কথা জানিয়েছেন ডিপো পরিচালনাকারীরা।

জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সাগরে মাছ ধরা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। তবে বাস্তব চিত্র ভিন্ন বলছেন জেলে, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা। তাদের দাবি, হাতেগোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ মাছ ধরার ট্রলার ঘাটে বসে আছে। নদী ও সমুদ্রে মাছ ধরা কমেছে অন্তত ৭০ ভাগ।

লাইটার জাহাজের মালিকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই চট্টগ্রামের ডিপোগুলো থেকে প্রয়োজনীয় তেল পাচ্ছেন না লাইটার জাহাজের মালিকরা। রাষ্ট্রীয় জ্বালানি সরবরাহকারী সংস্থা পদ্মা, যমুনা ও মেঘনা থেকে খুব কম পরিমাণে তেল পাচ্ছেন, যা চাহিদার তুলনায় অপ্রতুল। এটি দিয়ে চলা যায় না। জ্বালানির এই সংকট নিরসন চেয়ে লাইটার জাহাজ মালিকদের সংগঠনের পক্ষ থেকে দুই দফায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বরাবরে চিঠি দিলেও কোনও সমাধান মেলেনি। ফলে ঘাটে আটকা জাহাজ।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্য স্থানান্তর করে লাইটার জাহাজে নেওয়া হয়। এরপর নদীপথে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের নানা ঘাটে নিয়ে খালাস করা হয়।  

জাহাজ মালিকদের সংগঠনের দেওয়া তথ্যমতে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে পণ্য খালাস করে দেশের ৫০টি অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন করে থাকে লাইটার জাহাজগুলো। এসব জাহাজের জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। বেশিরভাগ লাইটার জাহাজের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি)। বিডব্লিউটিসিসির নিবন্ধিত লাইটার জাহাজের সংখ্যা ১২শ টি হলেও ১ হাজার ৫০টির মতো জাহাজ পণ্য পরিবহন করছে। এর বাইরে বিভিন্ন শিল্প গ্রুপের মালিকানাধীন আড়াইশর বেশি লাইটার জাহাজ চলছে।

বিডব্লিউটিসিসির হিসাবে, প্রতিদিন গড়ে ৭০-৮০টি লাইটার জাহাজ বুকিং হয়। সেগুলো বড় জাহাজ থেকে পণ্য খালাস করতে যাওয়া এবং সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে গড়ে আড়াই লাখ লিটার ডিজেল দরকার হয়। কিন্তু এই চাহিদার বিপরীতে মেরিন ডিলারদের কাছ থেকে ৬০ থেকে ৭০ হাজার লিটার পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ডিজেল সংকটে নদীপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। যার সমাধান এখন পর্যন্ত মেলেনি।

বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) আহবায়ক সফিক আহমেদ বলেন, ‘লাইটার জাহাজে জ্বালানি তেলের সংকট চলছে। পর্যাপ্ত তেল মিলছে না ডিপোগুলো থেকে। তেল সমস্যার সমাধান চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে দুই দফায় চিঠি দিয়েছি। তার আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনও সমাধান মিলছে না।’

তিনি বলেন, ‘সড়কপথে চট্টগ্রাম থেকে ঢাকায় প্রতি টন পণ্য পরিবহনে খরচ হয় ২ থেকে আড়াই হাজার টাকা। লাইটার জাহাজে প্রতি টন পণ্যে খরচ পড়ে সাড়ে ৫শ টাকা। সবচেয়ে কম টাকায় পণ্য পরিবহন করা গেলেও নৌপথকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে বেশিরভাগ লাইটার জাহাজ ঘাটে বসে আছে।’

ফিশিং ট্রলারের মালিক নুরুল আমিন বলেন, ‘ছোট ট্রলার ১৮শ থেকে ২ হাজার লিটার, বড়গুলো সাড়ে ৩ থেকে ৪ হাজার লিটার তেল নিয়ে সাগরে যায়। এখন এই পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না। তাই অনেক মালিক সাগরে ট্রলার পাঠাচ্ছেন না। কেউ কেউ ঝুঁকি নিয়ে সাগরে যাচ্ছেন। আগে যেখানে ১৪-১৫ দিন সাগরে মাছ ধরায় নিয়োজিত থাকতে হতো বর্তমানে সেখানে ৮-৯ দিন কিংবা আরও কম সময়ে ফিরে আসতে হচ্ছে। এতো কম সময়ে কাঙ্ক্ষিত মাছও পাওয়া যাচ্ছে না।’

চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দফতরের উপপরিচালক শওকত কবির চৌধুরী বলেন, ‘সমুদ্রে মাছ ধরার কাজে দুই ধরনের ট্রলার রয়েছে। এর মধ্যে একটি ছোট আকারের কাঠের ট্রলার এবং অপরটি বাণিজ্যিক জাহাজ। ছোট ট্রলারগুলো ৪০ মিটার গভীরতার মধ্যে মাছ ধরার কাজে নিয়োজিত থাকে। দেশে এই ধরনের ট্রলারের সংখ্যা ২৯ হাজার। বাণিজ্যিক ট্রলারগুলো ৪০ মিটারের দূরে গভীর সাগরে গিয়ে মাছ ধরে। এই ধরনের বাণিজ্যিক ট্রলারের সংখ্য ২৬৮টি। তবে নিয়মিত মাছ ধরছে এ ধরনের বাণিজ্যিক ট্রলারের সংখ্যা ২৩৪টি। কয়েকটি বাণিজ্যিক জাহাজের মালিক আমাদের মৌখিকভাবে বলেছেন মাছ ধরার জন্য সাগরে যাওয়ার যে পরিমাণ ডিজেল প্রয়োজন, তা তারা পাচ্ছেন না। তবে মৌখিকভাবে অবহিত করলেও কেউ এখন পর্যন্ত বিষয়টি নিয়ে লিখিতভাবে বলেননি।’

তবে একাধিক জেলে ও ট্রলার মালিক জানিয়েছেন, ইতিমধ্যে নদীতে মাছ আহরণ অনেকাংশ কমে গেছে। এর প্রভাব পড়েছে উপকূলীয় মৎস্য বন্দর ও মোকামগুলোতে। অনেক জায়গায় কার্যক্রম প্রায় স্থবির। ফলে শুধু জেলে নয়; আড়তদার, পাইকার, শ্রমিক, বরফকল মালিক, পরিবহনকর্মীসহ পুরো মৎস্যভিত্তিক অর্থনীতি চাপে পড়েছে। এই খাতের ওপর নির্ভরশীল লাখো মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে।

এই সংকটের মধ্যেই সামনে আসছে আরেক বড় চাপ। এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে টানা ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা। এর লক্ষ্য মৎস্যসম্পদ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করা। জেলেরা বলছেন, জ্বালানি সংকটে কাজ বন্ধ। তার ওপর দীর্ঘ নিষেধাজ্ঞা; সব মিলিয়ে তারা চরম দুশ্চিন্তায় আছেন।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, ‘বাঁশখালী এবং সীতাকুণ্ডের খবর নিয়ে জেনেছি সাগরে মাছ ধরা ৩০-৪০ শতাংশ কমে গেছে। জ্বালানি সংকটের কারণে এই পরিমান জেলে মাছ ধরতে সাগরে যেতে পারছেন না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে লিখিত অভিযোগ করেননি তারা।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা ৫৮ দিনের জন্য বন্ধ হচ্ছে। এ কারণে আমরা ফুয়েল সংকটের বিষয়টিকে আর বেশি গুরুত্ব দিচ্ছি না। মাছ ধরা বন্ধের সময়ে ট্রলারগুলোতে যাতে জ্বালানি সরবরাহ না করে, সেজন্য ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা দেওয়া হবে।’


চট্টগ্রাম ব্যুরো: ১৩-০৪-২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 15 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া