শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৮-০৪-২০২৬ ০৪:১০ অপরাহ্ন |
চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য- শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি মনে করি একটি কলেজের অধ্যক্ষ হলেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো—যার সুরে পুরো প্রতিষ্ঠান সঠিক পথে পরিচালিত হয়। তোমরা নিশ্চয়ই হ্যামিলিয়নের গল্প সম্পর্কে জানো। এ উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো, একটি কলেজের প্রাণ ও শৃঙ্খলা মূলত অধ্যক্ষের নেতৃত্বের ওপর নির্ভরশীল। যেমন ‘রত্নগর্ভা মা’ সেই মাকে বলা হয়, যার সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত হয়—তেমনি একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে তার সঠিক নেতৃত্বের ওপর।
তিনি আরও বলেন, সকালের সূর্য উঠার ধরন দেখেই যেমন একটি দিনের সম্ভাবনা বোঝা যায়, তেমনি একটি প্রতিষ্ঠানের শুরুর দিকনির্দেশনাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। আমার ব্যক্তিগত একটি স্বপ্ন আছে—চাঁদপুর শহরের তিনটি স্বনামধন্য কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ আয়োজন করব। চলমান সংসদ অধিবেশন শেষ হলেই এই প্রোগ্রামটি বাস্তবায়ন করব। এই আয়োজনের দুটি উদ্দেশ্য থাকবে—তোমরা কেমন চাঁদপুর চাও এবং তোমরা কেমন শিক্ষাব্যবস্থা প্রত্যাশা করো, তা জানার জন্য। তোমাদের অনেকেই আমার বাসার ঠিকানা জানো, সেখানে একটি বক্স রাখা আছে—তোমরা তোমাদের মতামত লিখে সেখানে জমা দিতে পারো। তোমাদের এই মতামত আমার আগামী দিনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, আমাদের সমাজে অনেক সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে, তবে আমাদের এগিয়ে যেতে হবে সেগুলো মোকাবিলা করেই। বিশেষ করে নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানের বড় দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আমরা যখন স্কুলে পড়তাম, তখন শহর খুব একটা চিনতাম না; কিন্তু এখন দেখা যায় নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরাও অযথা বাইরে সময় কাটায়। এ বিষয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা ও কাউন্সেলিং প্রয়োজন।
তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ধ্যার পর সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে—এ বিষয়ে খোঁজ রাখা জরুরি। একইভাবে শিক্ষার্থীদেরও যথাযথভাবে দিকনির্দেশনা দিতে হবে। যদি এই কাউন্সেলিং কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে আমাদের সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং অনেকাংশেই নির্মূল করা সম্ভব হবে। পড়াশোনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সীমিত ও সচেতনভাবে করতে হবে। তথ্য ও জ্ঞান অর্জনের জন্য এটি ব্যবহার করা যেতে পারে, তবে এমনভাবে ব্যবহার করা উচিত নয় যাতে সমাজ ক্ষতিগ্রস্ত হয়।
কলেজের বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কলেজের হোস্টেল সমস্যার বিষয়টি আমি আগেও দেখেছি এবং এখনও একই অবস্থা লক্ষ্য করছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি এবং দ্রুত এর সমাধান হবে বলে আশা করছি। এছাড়া কলেজের ১০ তলা ভবনের কাজ সম্পন্ন হলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। যেহেতু শিক্ষামন্ত্রী আমাদের এলাকার সন্তান, তাই মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
সবশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সবাই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকবে। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই যদি এসব কর্মকাণ্ডে যুক্ত থাকে, তাহলে তাদের মন-মানসিকতার ইতিবাচক বিকাশ ঘটবে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি- ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক- অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি- সোহেল রুশদী, কলেজের অধ্যক্ষ- লে. মো. শোয়ায়েব এবং বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের আহ্বায়ক- মুজিবুর রহমান পাটোয়ারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান- হাবিবুর রহমান পাটোয়ারী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা- আব্দুল হামিদ মাস্টার, চেম্বার অব কমার্সের সভাপতি- সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি- তমাল কুমার ঘোষ, পৌর বিএনপি সভাপতি- আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপি সহ-সভাপতি- ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক- অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক- হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি- মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক- এডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক- ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক- ইসমাইল হোসেন পাটওয়ারী।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট ও ব্যান্ডদলের সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করেন, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া