শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৩-০৪-২০২৬ ০৪:২২ অপরাহ্ন |
তীব্র দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহানুর বেপারী শানু। পথচলতি মানুষের স্বস্তির জন্য তিনি টানা দুই দিন বিনামূল্যে শীতল পানীয় (শরবত) বিতরণের আয়োজন করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এবং গত বুধবার দুপুরে শহরের বাইতুল আমিন জামে মসজিদ মোড়ে এ কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের মাঝেও শরবত বিতরণ করা হয়। দুই দিনের এ আয়োজনে কয়েক হাজার মানুষের মাঝে শরবত পৌঁছে দেওয়া হয়। প্রচণ্ড গরমে ক্লান্ত মানুষের মাঝে এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।
এসময় শিশু, শিক্ষার্থী, বয়োবৃদ্ধ, রিকশাচালক ও সিএনজি চালিত অটোরিকশার চালকসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতল পানীয়। কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহানুর বেপারী শানু নিজে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন। বৃহস্পতিবারের আয়োজনে তার স্ত্রীও উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন, যা উপস্থিত সবার নজর কাড়ে।
গণমাধ্যমকে তিনি জানান, চলমান তীব্র দাবদাহে সাধারণ মানুষ, বিশেষ করে পথচারী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও চালকদের কষ্টের কথা বিবেচনা করেই এ ক্ষুদ্র মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। প্রচণ্ড গরমে যারা রাস্তায় চলাচল করছেন, তাদের মাঝে সামান্য স্বস্তি পৌঁছে দিতে এই শরবত বিতরণের আয়োজন করা হয়েছে। মানুষের পাশে থাকার এ কার্যক্রম শুধু আজ বা গতকালের মধ্যে সীমাবদ্ধ নয়, যতদিন এই তাপদাহ অব্যাহত থাকবে, ততদিন এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চলমান থাকবে।
অন্যদিকে পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচণ্ড গরমে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শরবতের এক গ্লাস যেন কিছুক্ষণের জন্য হলেও স্বস্তি এনে দিয়েছে তাদের মাঝে।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিক বেপারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন বাটু, প্রচার সম্পাদক আলআমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আফজাল মাল, ৮ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য ফারুক ঢালী, সাজ্জাদ মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া