শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৫-০৪-২০২৬ ০৪:০০ অপরাহ্ন |
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উদয়ন শিশু বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০:৩০ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ্র রায় বলেন, এই অভিভাবক সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা এবং কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করা। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে নানা ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের যেকোনো কার্যক্রম নিয়ে অভিভাবকদের কোনো অভিযোগ বা মতামত থাকলে তা নির্দ্বিধায় প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির কাছে জানানো উচিত। বিশেষ করে শিক্ষার্থীদের দেখভাল ও মানসিক বিকাশে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যেহেতু বাবারা অধিকাংশ সময় বাইরে কর্মব্যস্ত থাকেন, তাই সন্তানদের প্রতি মায়েদের আরও যত্নশীল হওয়া প্রয়োজন।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের যেকোনো সমস্যা আমাদের কাছে সরাসরি তুলে ধরুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। তিনি আরও যোগ করেন, এ ধরনের অভিভাবক সমাবেশে খোলামেলা আলোচনা হলে সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক- সোহেল রুশদী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মোহাম্মদ হোসেন।
বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক সোলেমান হোসেন এর সঞ্চালনায়- অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক- এম এ লতিফ এবং প্রেসক্লাব সদস্য সেলিম রেজা। এছাড়াও শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা- জান্নাতুল ফেরদাউস পিঙ্কী এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন নাসিমা বেগম, সোনিয়া বেগমসহ আরও কয়েকজন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া