"শব্দ দূষণ শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি করছে" — জেলা প্রশাসক
২৯ এপ্রিল, ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

"শব্দ দূষণ শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি করছে" — জেলা প্রশাসক

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২৯-০৪-২০২৬ ০৪:০৪ অপরাহ্ন
"শব্দ দূষণ শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি করছে" — জেলা প্রশাসক
"শব্দ দূষণ শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি করছে" — জেলা প্রশাসক

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয় এবং পরে সকাল ৯টা ৫০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রয়োজন ছাড়া হর্ন বাজানো আমাদের সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে, যা শব্দ দূষণের অন্যতম কারণ। তিনি বলেন, প্রয়োজনে হর্ন বাজাতে হবে, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজানো থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেক সময় দেখা যায় পথচারীরা অসচেতনভাবে রাস্তা পার হন, তখন চালকরা একের পর এক হর্ন বাজাতে থাকেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা কখনো চালক আবার কখনো পথচারী—সব ভূমিকাই আমরা নিজেরা পালন করি।

তিনি আরও বলেন, মানুষ মানুষের সঙ্গে যেমন আচরণ করে, তেমন আচরণই একসময় ফিরে আসে। আমরা যদি অন্যকে হর্নের শব্দে অতিষ্ঠ করে তুলি, তাহলে ভবিষ্যতে সেই ভোগান্তি আমাদের নিজেদের পরিবারেও ফিরে আসতে পারে। তাই সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।

জেলা প্রশাসক বলেন, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রদর্শিত ডকুমেন্টারি ভিডিওটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে। বিশেষ করে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে একসঙ্গে অসংখ্য যানবাহনের হর্ন বাজানো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে উল্লেখ করেন তিনি।

তিনি ৯৯৯ সেবার যথাযথ ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, কোথাও উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করে শব্দ দূষণ সৃষ্টি হলে নাগরিকরা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। গায়ে হলুদ, থার্টি ফার্স্ট নাইট, বিভিন্ন পার্টি কিংবা সামাজিক আয়োজনগুলোতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর কারণে আশপাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েন বলেও উল্লেখ করেন তিনি। এসময় তিনি জানান, চাঁদপুরে উচ্চস্বরে হর্ন বাজিয়ে যান চলাচল এবং বিকট শব্দে মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে। তিনি সবাইকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।

সম্পাদক ও উপস্থাপক- এম আর ইসলাম বাবু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার- লুৎফর রহমান, সিভিল সার্জন- ডা. মোহাম্মদ নুর আলম দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা- এস. এম. এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

এছাড়াও আলোচনা সভায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থী, বাস মালিক সমিতি, সিএনজি মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় তারা শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন সমস্যা, মতামত ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৯-০৪-২০২৬ ০৪:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 24 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া