শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৩-০৫-২০২৬ ০৮:০৩ অপরাহ্ন |
চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।
রবিবার (০৩ মে) সকালে তিনি থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। তিনি থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের অধিকতর দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার কর্মরত সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন এবং বিধি মোতাবেক তা সমাধানের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মাহির আসেফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত সকল স্তরের অফিসার ও ফোর্সবৃন্দ। পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান আরও বৃদ্ধির আহ্বান জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া