শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৩-০৫-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন |
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে ২০২৬ সনে চাঁদপুর আইনজীবী সমিতিতে যোগদানকৃত নবীন আইনজীবীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (৩ মে ২০২৬) সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর (সদর - হাইমচর) -৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, আইনজীবী সমাজ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্রেণি। সমাজের নানা প্রয়োজন ও সংকটে মানুষকে আইনজীবীদের দ্বারস্থ হতে হয়। তাই এই পেশা শুধু জীবিকা নয়, এটি একটি মহান সেবামূলক পেশা।
তিনি বলেন, গত ১৫ বছরে নানা রাজনৈতিক প্রতিকূলতা ও হয়রানিমূলক মামলার সময় আইনজীবীদের সহযোগিতা আমরা কখনো ভুলতে পারবো না। অনেক নেতা-কর্মী অন্যায় মামলায় আদালতে এসেছেন, কিন্তু আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টা ও আল্লাহর রহমতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সেই অতীতের কঠিন সময়ের কথা আমাদের সহকর্মীরা নিশ্চয়ই স্মরণ করেন।
তিনি নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আদালত একটি পবিত্র জায়গা। যারা নতুনভাবে এই পেশায় যোগদান করেছেন, তাদের প্রতি সিনিয়র আইনজীবীদের দায়িত্ব থাকবে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং পেশাগত নৈতিকতা সম্পর্কে সচেতন রাখা। বিচারক ও ম্যাজিস্ট্রেটদের প্রতি সর্বদা সম্মান ও শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখতে হবে। এমন আচরণ করতে হবে, যাতে সাধারণ মানুষ আইনজীবীদের কাছ থেকে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে।
তিনি আরও বলেন, সম্প্রতি আদালতে কিছু আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের খবর শুনেছি, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে কোনো অভিযোগ এলে তা কখনো প্রশ্রয় দেওয়া হবে না।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও জনগণের ভালোবাসায় আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এরপর থেকে চাঁদপুরের মানুষই আমার আপনজন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।
তিনি বলেন, আগামী ১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর সফরে আসবেন। এ উপলক্ষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাই। একইসঙ্গে চাঁদপুরে একটি আধুনিক জুডিশিয়াল কোর্ট ভবনের দাবি উত্থাপনের জন্য আইনজীবী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া আইনজীবী সমিতির বিদ্যুৎ সংযোগ সমস্যার বিষয়েও দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি আরো বলেন, নতুন আইনজীবীরা সাহস ও স্বপ্ন নিয়ে এই পেশায় এসেছেন। ভাতা ও বেতন ছাড়া যে তারা এখানে এসেছে তাদেরকে সাহস যোগাতে হবে। তাদেরকে কাজের প্রতি উৎসাহ দিতে হবে। সিনিয়রদের সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনায় তারা ভবিষ্যতে দক্ষ, মানবিক ও যোগ্য আইনজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন এবং আইনজীবী ফোরামকে আরও শক্তিশালী করবেন।
চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. জসীম উদ্দীন মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও সিনিয়র আইনজীবী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড.জাকির হোসেন তালুকদার ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর রশিদ, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, স্পেশাল পিপি অ্যাড. শিরিন আসমা সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী অ্যাড. হেদায়েত উল্যাহ, অ্যাড. আজহারুল ইসলাম, ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ফোরামের পক্ষ থেকে ১৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট হওয়া চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত ৭০ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া