শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৫-২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন |
আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে কমপক্ষে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করার মেগা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, এই বিশাল কর্মসূচি থেকে প্রাপ্ত সুফল সরাসরি জনগণের প্রয়োজন ও জনস্বার্থে ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য খালের খনন কাজ সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "আমাদের নির্বাচনের মূল প্রতিশ্রুতি ছিল খাল খননকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। জনস্বার্থে এবং জনগণের সুবিধাকে বিবেচনা করেই এই বড় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকার গঠনের মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে এই কর্মসূচি নিয়ে একটি ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে।"
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও উল্লেখ করেন, "খাল পুনঃখননের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে। আমাদের বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।"
এদিন মন্ত্রী ঘোষেরহাট এলাকায় খাল খনন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর আসন্ন সফর ও উদ্বোধন কর্মসূচি সফল করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুন অর রশিদ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া