হাইমচরে জুয়ার আসর থেকে ইউপি সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭
১২ মে, ২০২৬ ০৫:০৫ অপরাহ্ন

  

হাইমচরে জুয়ার আসর থেকে ইউপি সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১১-০৫-২০২৬ ০৮:০৪ অপরাহ্ন
হাইমচরে জুয়ার আসর থেকে ইউপি সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭
দিনের আলোয় তারা এলাকার প্রভাবশালী ‘মুরুব্বি’। সাধারণ মানুষের বিবাদ মেটান ‘সামাজিক বিচারে’। নীতি-নৈতিকতার বুলি আউড়ে বেড়ানো এসব নেতারই আসল রূপ বের হয়ে আসে রাতের আঁধারে। তখন আর তারা সমাজসেবক নন, বরং পুরোদস্তুর ‘জুয়াড়ি’। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও নিষিদ্ধ জুয়ার বোর্ডে এই আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দেখা গেল হরিহর আত্মা হিসেবে।

রোববার রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী আমতলী এলাকার একটি ডুপ্লেক্স ভবনে অভিযান চালিয়ে এমনই এক চাঞ্চল্যকর জুয়ার আসর গুঁড়িয়ে দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসর থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বর্তমান ইউপি সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ সাতজন প্রভাবশালী ব্যক্তিকে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরভৈরবী ৩ নম্বর ওয়ার্ডের হাদিস আলী হাওলাদারের ডুপ্লেক্স ভবনে অভিযান চালানো হয়। সেখানে নিচতলার একটি কক্ষে চলছিল রমরমা জুয়ার আসর। অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই মনির হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সোমবার (১১ মে) হাইমচর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা (মামলা নং-১৪) দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হাইমচরের রাজনীতির পরিচিত মুখ। তারা হলেন, এস এম কবির (৫০): সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। পারভেজ হাওলাদার (৪৮): চরভৈরবী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। মঞ্জুরুল হক ওরফে নাঈম সরকার (৫১): হাইমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী।দেলোয়ার হোসেন (৫১): সাবেক ইউপি সদস্য। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের পদধারী নেতা মাহবুব সরদার (৫৫), বাদল মুন্সী (৫৪) এবং খোকন (৫৮)।

জানা যায়, রাজনৈতিক ময়দানে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে বিরোধ থাকলেও জুয়ার আড্ডায় ছিল তাদের নিয়মিত যাতায়াত। গ্রেপ্তারকৃতদের মধ্যে পারভেজ হাওলাদার, কবির শেখ ও নাঈম সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের রাজনীতির সাথে সরাসরি যুক্ত। অথচ একই বোর্ডে জুয়া খেলতে দেখা গেছে বিএনপির সহযোগী সংগঠনের নেতাদেরও। রাজনৈতিক পরিচয়ের আড়ালে এই সিন্ডিকেটটি দীর্ঘ দিন ধরে চরভৈরবী ও আমতলী এলাকায় অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, “এরাই দিনে আমাদের নসিহত করেন, বিচারে বসেন। অথচ রাতে তাদের ঘর থেকেই জুয়াড়িরা বের হয়। এটা পুরো হাইমচরের জন্য লজ্জার।” স্থানীয় সচেতন মহলের দাবি, এই চক্রটি প্রভাবশালী হওয়ায় এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের পাশাপাশি জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে জেলাজুড়ে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

হাইমচরের সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক প্রভাবের কাছে যেন তদন্ত থমকে না যায়। নেপথ্যের গডফাদারদেরও যেন আইনের আওতায় আনা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-০৫-২০২৬ ০৮:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 175 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া