শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৫-২০২৬ ১২:০৯ অপরাহ্ন |
২০১৯ সালে একঝাঁক স্বপ্নবাজ তরুণের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়। শুরু থেকেই স্থানীয় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হয়ে আসছে এই মানবিক সংগঠনটি। ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সংগঠনটির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। অন্যদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক সহযোগিতা ও নৈতিক সমর্থনের মাধ্যমে পরিচালিত হচ্ছে সংগঠনটির কার্যক্রম। ফলে এটি কেবল একটি সামাজিক সংগঠন নয়, বরং জনসম্পৃক্ত একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
বিশ্বব্যাপী করোনা (কোভিড-১৯) মহামারির ভয়াবহ সময়ে সংগঠনটির কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়। যখন মানুষ আতঙ্ক, অনিশ্চয়তা ও সংকটে দিন পার করছিল, তখন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। সে সময় সংগঠনটির পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, মাস্ক বিতরণ, কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করা হয়। তাদের এসব উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করে।
মহামারি পরবর্তী সময়েও সংগঠনটির কার্যক্রম থেমে থাকেনি। প্রতি রমজানে নিম্নআয়ের মানুষের মাঝে গরুর মাংস, খাদ্যসামগ্রী, ইফতার, ফল ও ঈদ উপহার বিতরণ করা হয়। পাশাপাশি নিয়মিত রক্তদান কর্মসূচি ও ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে জরুরি রোগীদের রক্ত সংগ্রহে সহায়তা করা হচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি।
এছাড়া সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে রাস্তা সংস্কার, শীতবস্ত্র বিতরণ, বাৎসরিক মেডিকেল ক্যাম্প আয়োজন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম। স্থানীয়ভাবে ছোট ছোট সমস্যা সমাধানে স্বেচ্ছাশ্রমভিত্তিক কার্যক্রমের মাধ্যমেও সংগঠনটির সদস্যরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতার সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা আবারও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ঝুঁকি নিয়ে পানিবন্দী মানুষদের উদ্ধার, আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং জলাবদ্ধতা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করেন তারা। দুর্যোগকালীন সময়ে সংগঠনটির এমন সাহসী ও মানবিক ভূমিকা স্থানীয় মানুষের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
বিগত সাত বছরে ধারাবাহিক মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ইতোমধ্যে জেলার অন্যতম শীর্ষ সামাজিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক সংগঠন থেকেও শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার ও সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় দরিদ্র, মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সংগঠনটি এখন একটি নির্ভরতার নাম। যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে মানুষ বিশ্বাস করে—এই সংগঠনটি তাদের পাশে দাঁড়াবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়েই এই সংগঠনের যাত্রা শুরু করেছি। সংগঠনটির মাধ্যমে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতায় গত সাত বছরে প্রায় ২০ লাখ টাকার সমপরিমাণ সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এজন্য আমরা সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগামী দিনে সংগঠনটিকে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, সংগঠনটি একটা সময় চমৎকার কাজ করেছে। আমি আমার স্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। সবার উচিত উক্ত সংগঠনকে সহযোগিতা করা।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন সম্পর্কে ফরিদগঞ্জ প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক এবং ফরিদগঞ্জ লেখক ফোরাম'র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুল ইসলাম ফরহাদ বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অনেকটা ‘নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো।’ তারপরও এসব সমাজকর্মীদের নানান প্রতিবন্ধকতার শিকার হতে হয়। অনেক কটু কথা শুনতে হয়। একজন সফল সংগঠককে ডাস্টবিন হতে হবে। সকল ময়লা-আবর্জনা নিজের মধ্যে নিয়ে রিসাইকেল করে সুন্দর বিষয়গুলো ডেলিভারি দিতে হবে। তাহলেই সে একজন সফল সংগঠক হতে পারবে। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন বিগত বছরগুলোতে চমৎকার সব কাজ করে আসছে। ধন্যবাদ পাওয়ার মতো প্রতিষ্ঠানটি যথেষ্ট কাজ করেছে।
ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বেচ্ছাশ্রমে সামাজিক কাজ সবাই পারেনা। যারা পারে তারাই মহৎ মানুষ, তারাই গুণী। জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের উচিত সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা।
উল্লেখ্য, প্রতিষ্ঠার সাত বছর অতিক্রম করে সংগঠনটি বর্তমানে অষ্টম বর্ষে পদার্পণের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতেও মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া