শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৫-২০২৬ ০১:১০ পূর্বাহ্ন |
শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সর্বস্তরের ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সভাপতি মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর কবির এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজল।
বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন সময়ে চিকিৎসকদের ওপর হামলা, হাসপাতাল ও ক্লিনিকে ভাঙচুর এবং চিকিৎসা কার্যক্রমে বাধা দেয়ার মতো ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ন্যাক্কারজনক ঘটনায় চিকিৎসক সমাজের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।
শরীয়তপুরের ঘটনাকে পুরো চিকিৎসা ব্যবস্থার ওপর আঘাত উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনা অত্যন্ত অমানবিক। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধন থেকে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, দেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার এবং হাসপাতাল-ক্লিনিকে ভাঙচুর বন্ধে সরকারকে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম ও সোহেল হোসেন, কোষাধ্যক্ষ খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান হেলাল এবং দপ্তর সম্পাদক সঞ্জয় সূত্রধরসহ স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া