শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২১-০৫-২০২৬ ০৭:২৯ অপরাহ্ন |
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাতায়াতকারী যাত্রীদের যাত্রা নিরাপদ করতে চাঁদপুরে গণসচেতনতামূলক রোড শো, স্টিকার ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁদপুর।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরটিএ চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঈদ উপলক্ষে কর্মস্থল থেকে বাড়ি ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন, আরামদায়ক ও স্বস্তিপূর্ণ করতে বিআরটিএ মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় লিফলেট, স্টিকার ও ভাড়ার চার্ট বিতরণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন এবং পথসভা পরিচালনা করা হচ্ছে। ঈদের আগ থেকে শুরু করে ঈদ-পরবর্তী সময় পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে, যাতে মানুষ নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। এ সময় তিনি আরও বলেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিএ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ চাঁদপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সেকান্দর, শাহেদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়কে সচেতনতামূলক র্যালি ও পথচারী, চালক এবং যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন নির্দেশনামূলক বার্তা তুলে ধরা হয়।
উল্লেখিত সচেতনতামূলক বার্তাগুলোর মধ্যে ছিল— যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অতিরিক্ত গতি পরিহার করা, ফিটনেসবিহীন যানবাহন না চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানো এবং চালককে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা।
এছাড়াও যাত্রীদের উদ্দেশ্যে চলন্ত বাসে ওঠা-নামা থেকে বিরত থাকা, বাসের ছাদে ভ্রমণ না করা এবং নির্ধারিত স্থান থেকে যাতায়াত করার আহ্বান জানানো হয়। আয়োজক সূত্র জানায়, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতেই এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া