শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০৫-২০২৬ ১১:১৭ অপরাহ্ন |
তদবির আর লাখ লাখ টাকা ঘুষের পুরনো গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে চাঁদপুরে মাত্র ৫৬ টাকা খরচে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৪৫ তরুণ-তরুণী। সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দালালমুক্ত নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের এসব চাকরিপ্রার্থীর ঘরে এখন আনন্দের বন্যা বইছে।
চাঁদপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে রবিবার (২৪ মে) এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষার মতো কঠোর কয়েকটি ধাপ পেরিয়ে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, আর্থিক লেনদেন কিংবা দালালের সুযোগ না থাকায় সাধারণ পরিবারের মেধাবী তরুণ-তরুণীদের বহুদিনের স্বপ্ন অতি স্বল্প খরচেই পূরণ সম্ভব হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের একজন ইসরাত জাহান নিশি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, "কোনো ধরনের ঝামেলা বা বাড়তি খরচ ছাড়াই অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি পাওয়ায় আমার পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। অনেক পরিশ্রম আর বাবা-মায়ের দোয়ার কারণেই আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।"
মেধার জোরে নির্বাচিত হওয়ার একই রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা জানালেন আরেক নিয়োগপ্রাপ্ত মাজহারুল ইসলাম সৌরভ। তিনি বলেন, "ঘুষ ছাড়া পুলিশের চাকরি হয় না—সমাজে প্রচলিত এমন ধারণা আজ সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো।" সৌরভ প্রথমবার এই পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। তবে দমে না গিয়ে নিজেকে আরও প্রস্তুত করেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ তালিকায় চতুর্থ স্থান অধিকার করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত কোটার আওতায় কঠোর নজরদারি ও শৃঙ্খলা বজায় রেখে চাঁদপুর জেলায় মোট ৪৫ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, আমরা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া মেনে এবং তিন ধাপে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী চাঁদপুর জেলায় ৪৫টি শূন্য পদ ছিল, যার সবগুলোতে কেবল যোগ্য ও মেধাবীদেরই নির্বাচন করা হয়েছে। এখানে কোনো তদবির কাজ করেনি, কেউ তদবিরের চেষ্টা করলেও কোনো লাভ হতো না।
পুলিশ সুপার আরও জানান, পরীক্ষায় যারা শতভাগ ভালো করেছে, শুধু তারাই মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। এই ধরনের স্বচ্ছ ও যুগান্তকারী নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বহুগুণ বাড়বে। একই সাথে দেশের তরুণ সমাজও বুঝতে পারবে যে—কোনো অনৈতিক পন্থা নয়, বরং মেধা ও পরিশ্রমের মাধ্যমেই সরকারি চাকরি অর্জন সম্ভব।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া