মাদকের সাথে জড়িতরা যেখানে, পুলিশ থাকবে না সেখানে: এসপি চাঁদপুর
০৫ জুন, ২০২৬ ০৩:৩৬ পূর্বাহ্ন

  

মাদকের সাথে জড়িতরা যেখানে, পুলিশ থাকবে না সেখানে: এসপি চাঁদপুর

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৪-০৬-২০২৬ ০২:৫১ পূর্বাহ্ন
মাদকের সাথে জড়িতরা যেখানে, পুলিশ থাকবে না সেখানে: এসপি চাঁদপুর
"যেখানে পুলিশ থাকবে, সেখানে মাদকে জড়িতরা থাকতে পারবে না। মাদকের বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক পুরোপুরি নির্মূল করা না গেলেও এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হবে।"

​বুধবার (৩ জুন) বিকেলে চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান। জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সভার আয়োজন করা হয়।

​মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে এসপি বলেন, "বিশেষ করে মসজিদের ইমামদের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং সামাজিক জনমত সৃষ্টি করার চেষ্টা করা হবে।" এছাড়া যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তাদেরকে ধর্মীয় কাজের (তাবলিগ) সাথে যুক্ত করার একটি ব্যতিক্রমী উদ্যোগের কথা জানান তিনি, যাতে পরিবারের অতিরিক্ত খরচ কমে এবং তারা অপরাধ থেকে দূরে থাকে।

​সভায় জেলার প্রধান সমস্যা হিসেবে মাদক, কিশোর গ্যাং ও সড়ক দুর্ঘটনার বিষয়টি উঠে আসে। এসপি মো. রবিউল হাসান জানান, গত ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত সড়কের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। একই সময়ে ৩৮৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া সদ্য সমাপ্ত মে মাসেই মাদক সংক্রান্ত মামলা হয়েছে ২১৮টি। ​কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, "কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে হবে পরিবার থেকে। অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্ধ্যার পর সন্তান কোথায় যায়, কী করে—সেসব খোঁজ রাখতে হবে।"

​মাদকের ভয়াবহতা কমাতে খুব শিগগিরই এলাকাভিত্তিক ‘কমিunity পুলিশিং কমিটি’ গঠন ও সচেতনতামূলক সভা করা হবে বলে জানান পুলিশ সুপার। সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগগুলোর ভিত্তিতে জেলার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

​উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা ট্রাফিক ব্যবস্থার নানা অসঙ্গতি তুলে ধরেন। এর মধ্যে অন্য জেলার সিএনজিচালিত অটোরিকশা চাঁদপুরে চলাচল, শহরের ওয়ারলেছ মোড়ে পুলিশ বক্সের পাশে অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড, রাতে পুলিশের টহল জোরদার না থাকা এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কিশোর গ্যাং ও মাদকের স্পটগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।

​চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, "ঈদসহ বিভিন্ন সময়ে পুলিশ যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করেছে। তবে যে কোনো ঘটনার পর জনগণ পুলিশের দ্রুত পদক্ষেপ দেখতে চায়। এক্ষেত্রে গণমাধ্যম পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে।"

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। সভায় চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মজিবুর রহমানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৬-২০২৬ ০২:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 17 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া