শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৪-০৬-২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন |
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের স্বাক্ষরিত ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এর তালিকার মধ্যদিয়ে শ্রেষ্ঠ অফিসারের স্বীকৃতি অর্জন করেন ইউএনও সেটু কুমার বড়ুয়া। এ অর্জনের খবরে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বাছাই কমিটির আয়োজনে অনুষ্ঠিত মূল্যায়ন প্রক্রিয়ায় চাদপুর জেলার উপজেলা নির্বাহী অফিসারদের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, নেতৃত্ব, তদারকি ও উদ্ভাবনী উদ্যোগের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়াকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়।
শুধু প্রশাসনিক দায়িত্ব পালন নয়, প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করতে মাঠপর্যায়ে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষকদের উৎসাহিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল দৃশ্যমান।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সেটু কুমার বলেন, 'আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই অর্জন শুধু আমার একার নয়, এটি শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, সচেতন মহল ও সাংবাদিকদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামীতেও সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।'
তাঁর এই বিনয়ী বক্তব্যই প্রমাণ করে, একজন সত্যিকারের নেতৃত্বগুণসম্পন্ন কর্মকর্তা নিজের সাফল্যকে কখনো ব্যক্তিগত অর্জন হিসেবে দেখেন না; বরং সহকর্মীদের অবদানকেও সমান গুরুত্ব দেন।
এখন জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। ফরিদগঞ্জবাসীর প্রত্যাশা, সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার স্বাক্ষর রেখে সেটু কুমার বড়ুয়া বিভাগীও পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।
প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। সেই ভিত্তিকে আরও মজবুত করতে যারা নীরবে কাজ করে যাচ্ছেন, সেটু কুমার বড়ুয়া তাঁদেরই একজন উজ্জ্বল প্রতিনিধি। তাঁর এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত সম্মান নয়, বরং ফরিদগঞ্জের শিক্ষা অঙ্গনের জন্যও এক গর্বের অর্জন।
এদিকে শ্রেষ্ঠ অফিসারের স্বীকৃতি অর্জন করায় ও আগামীতেও এমন কর্মকাণ্ডে আরো উৎসাহিত করতে ফরিদগঞ্জের সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনও সেটু কুমার বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে সংবর্ধিত করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক এমকে মানিক পাঠান, প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, সিনিয়র সাংবাদিক আবুহেনা মোস্তফা কামাল প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া