মতলব উত্তরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২
১২ জুন, ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১২-০৬-২০২৬ ১২:১২ পূর্বাহ্ন
মতলব উত্তরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

চাঁদপুরের মতলব উত্তরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে মো. কাইয়ুম মাল (৩৬) নামে এক স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে এই জঘন্য অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার অভিযোগে ভুক্তভোগীর আপন বড় বোন মোসা. তানিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (১১ জুন) মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কাইয়ুম মাল মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং পশ্চিম হানিরপাড় গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার হওয়া অপর অভিযুক্ত তানিয়া আক্তারও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১২ অক্টোবর কাইয়ুম মাল, ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন তানিয়া আক্তারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ওই ছাত্রীকে জোরপূর্বক প্রথমবার ধর্ষণ করেন। পরবর্তীতে ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।

সম্প্রতি পারিবারিকভাবে ভুক্তভোগী স্কুলছাত্রীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকের প্রতিবেদনে জানা যায়, ওই কিশোরী বর্তমানে ২৮ সপ্তাহের (প্রায় ৭ মাস) অন্তঃসত্ত্বা। এই চাঞ্চল্যকর তথ্য আসার পর পরিবারের সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে কিশোরীটি তার ওপর ঘটে যাওয়া দীর্ঘদিনের ওই নির্মম নির্যাতনের বিবরণ প্রকাশ করে।

এই বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে মূল অভিযুক্ত ও সহায়তাকারীকে গ্রেপ্তার করেছে। আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব সংবাদমাধ্যমকে বলেন, এটি শুধু একটি সাধারণ ধর্ষণের ঘটনা নয়, বরং আমাদের সামাজিক ও পারিবারিক মূল্যবোধের চরম অবক্ষয়ের একটি নির্মম ও উদ্বেগজনক উদাহরণ। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, আপন বড় বোনই তার ছোট বোনের ওপর হওয়া এই জঘন্য অপরাধে সরাসরি সহায়তা করেছে, যা অত্যন্ত দুঃখজনক।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-০৬-২০২৬ ১২:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 24 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া