শিরোনামঃ
পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি ১৪-০৬-২০২৬ ০৩:৪১ অপরাহ্ন |
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে (এসইডিপি) এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর যৌথ উদ্যোগে, চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”-এ জেলা পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।
রবিবার (১৪ জুন) চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা “Smart River Waste Collector and River Waste Management” শীর্ষক উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে।
এর আগে গত ১২ জুন ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ে একই উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করে প্রথম স্থান অর্জন করে তারা। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের পর শিক্ষার্থীরা চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহসহ উপস্থিত অতিথিদের হাত থেকে সনদপত্র ও পুরস্কার গ্রহণ করেন।
খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন এবং সহকারী শিক্ষক শিশির দাসের তত্ত্বাবধানে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আব্দুল হাকিম, সাবরিনা আক্তার, রাফি হোসেন, মেহেদী হাসান আবির এবং নবম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ও সাবিহা সুলতানাসহ ছয় সদস্যের একটি দল এ উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করে এই সাফল্য অর্জন করে।
শিক্ষার্থীদের এ সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক চিন্তা ও বাস্তবসম্মত উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীরা নদী দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যে চিন্তা করেছে, তা ভবিষ্যতে বাস্তবায়িত হলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের।
খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামূলক কাজে উৎসাহিত করতে বিদ্যালয় সবসময় আন্তরিক। একাডেমিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞানচর্চা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ফলেই আজ তারা এমন সাফল্য অর্জন করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
এদিকে মফস্বল এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ফাইজা জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।
সংশ্লিষ্টরা জানান, গত কয়েক বছর ধরেই খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় একাডেমিক ফলাফলের পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রম, বিজ্ঞানচর্চা, ক্রীড়া এবং বিভিন্ন সরকারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা ও জেলা পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। বিদ্যালয়ের এ ধারাবাহিক অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া