শিরোনামঃ
ফয়েজ আহমেদ ১৫-০৬-২০২৬ ০৬:৫৭ অপরাহ্ন |
চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের খলাগাঁও গ্রামে এক তরুণীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনে নিখোঁজের কয়েক ঘণ্টা পর রাতে বাবার বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া খলাগাঁও গ্রামের শহীদ উল্যাহর মেয়ে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বড় বোন সাজেদার স্বামী প্রবাসে থাকায় সাদিয়া দীর্ঘদিন ধরে কচুয়া উপজেলার খিলমেহের গ্রামে বোনের সঙ্গেই বসবাস করতেন। রোববার বিকেলে কাউকে কিছু না জানিয়ে তিনি বাসা থেকে বের হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরিবারের দাবি, রাত ১১টার দিকে সাদিয়ার মোবাইল থেকে ফোন আসে। অজ্ঞাত কলদাতা জানান, সাদিয়া কীটনাশক পান করে মারা গেছেন এবং তার মরদেহ বাবার বাড়ি খলাগাঁও গ্রামের খোরশেদ ভুঁইয়ার দোকানের সামনে রাখা আছে।
খবর পেয়ে সাদিয়ার তিন ভাই ও চাচাসহ স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামের নির্দেশে সেকেন্ড অফিসার নাজমুল ইসলাম ও এসআই মৃদুল বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।
নিহতের পরিবার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া