মতলব দক্ষিণে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি সুমন গ্রেপ্তার
১৭ জুন, ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন

  

মতলব দক্ষিণে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি সুমন গ্রেপ্তার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৬-০৬-২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
মতলব দক্ষিণে সম্পত্তিগত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি সুমন গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সম্পত্তিগত বিরোধের জেরে আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো. সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ দিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তিনি।

রোববার (১৪ জুন) রাতে রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন ঝিগাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতলব দক্ষিণ থানা পুলিশ। আজ সোমবার (১৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সুমন পাটোয়ারী মতলব পৌরসভার দক্ষিণ-পশ্চিম দিঘলদী গ্রামের আরব আলী পাটোয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মান্নান পাটোয়ারী। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি সুমন পাটোয়ারী দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাকিব হোসেন ও সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তির সহায়তায় সুমনের অবস্থান শনাক্ত করেন। পরে রোববার রাতে ডিএমপির হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেপ্তারকৃত সুমনের এলাকায় একটি 'কিশোর গ্যাং' বাহিনী রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় মুন্সিরহাট বাজারে দোকান ঘর দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। তার এই বাহিনীর ভয়ে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তটস্থ ছিল।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে (শনিবার) বিকেলে নিহত আব্দুল মান্নান পাটোয়ারীর ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী বাড়ির সামনে নিজের জায়গায় কয়েকটি গাছ রোপণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সুমনের মা রোপণ করা গাছগুলো উপড়ে ফেলে দেন। এই ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া সৃষ্টি হয়।

খবর পেয়ে সুমন পাটোয়ারী তার দলবল নিয়ে ঘটনাস্থলে এসে প্রথমে প্রতিবন্ধী হারুন ও তার স্ত্রীকে মারধর করেন। পরে সুমন ও তার সহযোগীরা এগিয়ে আসা বৃদ্ধ আব্দুল মান্নান পাটোয়ারীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন।

আশঙ্কাজনক অবস্থায় মান্নান পাটোয়ারীকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরদিন ১ জুন (সোমবার) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, এই হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সুমন পাটোয়ারীর মা ও স্ত্রীকে গত ৪ জুন গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। গতকাল রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় মূল হোতা সুমনকেও ঢাকার ঝিগাতলা থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "অপরাধী যেই হোক না কেন, আইন থেকে কেউই পার পাবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৬-০৬-২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 11 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া