শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৬-২০২৬ ০৪:৪৯ অপরাহ্ন |
চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) রাতে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার দিকে মকিমাবাদ এলাকার একটি বাড়ির সামনে প্রথম অভিযানটি চালানো হয়। এ সময় পৌরসভার বানিয়াকান্দি গ্রামের আবিদ আলী মিজির ছেলে মো. রবিউলকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে কসটেপে মোড়ানো সাতটি বান্ডেলে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, একই দিন রাত ৮টার দিকে মকিমাবাদ স্টেশন রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এই অভিযানে মকিমাবাদ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মাহবুব আলম বাবলুকে (৩৪) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নানের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এই পৃথক দুটি সফল অভিযান পরিচালিত হয়।
এই বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া