শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২১-০৬-২০২৬ ১১:০৩ অপরাহ্ন |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে অবৈধভাবে ব্যাটারিচালিত ইলেকট্রনিক শক ডিভাইস দিয়ে মাছ ধরতে গিয়ে মো. মিনহাজ (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টায় ধনাগোদা নদীর জনতা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ উপজেলার আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার ভোরেও মিনহাজ তার মামা বিল্লাল হোসেন এবং শিবলু, আমির ও ইব্রাহিমসহ কয়েকজন মিলে একটি নৌকায় করে ধনাগোদা নদীতে মাছ ধরতে যান। তারা ব্যাটারিচালিত ইলেকট্রনিক শক ডিভাইসের মাধ্যমে নদীতে কারেন্ট তৈরি করে মাছ ধরছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, নৌকাতে থাকা মাছের ঝুড়ি থেকে ইলেকট্রিক শটে শিকার করা একটি বড় মাছ আচমকা নদীতে পড়ে যায়। ওই মাছটি হাতছাড়া না করতে মিনহাজ তাৎক্ষণিকভাবে নদীতে লাফ দেন। এ সময় পানির সংস্পর্শে থাকা বৈদ্যুতিক ডিভাইসের তীব্র শকে তিনি পানিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
গুরুতর অবস্থায় মিনহাজের মামা বিল্লালসহ সঙ্গে থাকা অন্যরা তাকে নদী থেকে উদ্ধার করেন। পরে সকাল ৬টা ১০ মিনিটের দিকে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) ডায়েরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নদী-নালা বা মুক্ত জলাশয়ে এভাবে ক্ষতিকারক ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের প্রবণতা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া