শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০৬-২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন |
চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। স্ত্রীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় আজ বুধবার চাঁদপুরের আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালতে দায়ের করা অভিযোগপত্রে বাদী হাজীগঞ্জের মীম ইসলাম (২৬) উল্লেখ করেন, ২০২৪ সালের ২২ নভেম্বর ৪ লাখ টাকা দেনমোহরে তার সঙ্গে জুয়েল মাহমুদের বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকা খরচ করেন তার বাবা।
অভিযোগে বলা হয়, বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী জুয়েল মাহমুদ ব্যবসার কথা বলে বাবার কাছ থেকে ১ লাখ টাকা ধার নিয়ে আর ফেরত দেননি। এরপর ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ স্বামীর বসতবাড়িতে এবং ৭ মার্চ ২০২৬ বাদীর পিত্রালয়ে তাকে মারধর করা হয়। চুলের মুঠি ধরে কিল-ঘুষি, লাথি ও চড়-থাপ্পড় মারা হয়।
মীম ইসলামের দাবি, বিয়ের পর থেকেই তার স্বামী অন্য নারীতে আসক্ত। প্রতিবাদ করায় নির্যাতন ও তালাক দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, স্বামীর এমন কার্যকলাপে যেন আর কোনো নারীর জীবন নষ্ট না হয়। আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। মামলায় রামগঞ্জের বাসিন্দা স্বামী জুয়েল মাহমুদ (৩৩), শাশুড়ি মাহমুদা আক্তার (৫০) ও দেবর তারেক মাহমুদ হিমেলকে (৩০) আসামি করা হয়েছে।
অন্যদিকে স্বামী জুয়েল মাহমুদও জেলা লিগ্যাল এইড অফিসে স্ত্রী মীম ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, স্ত্রী তার কথা অমান্য করে গত ১০ জুলাই ২০২৫ বাপের বাড়ি চলে যান। যাওয়ার সময় তার মূল্যবান জিনিসপত্র, গহনা ও টাকা-পয়সা নিয়ে যান। পরে তাকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ১৫ মার্চ ২০২৬ ইসলামী শরিয়াহ মোতাবেক তালাক দেন।
জুয়েল মাহমুদের দাবি, তালাকের পর থেকে স্ত্রী ও তার পরিবার হুমকি-ধমকি ও মিথ্যা মামলার ভয় দেখাচ্ছেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বুধবার যৌতুক নিরোধ আইনের ৩ ধারার মামলায় অভিযুক্ত জুয়েল মাহমুদ চাঁদপুর সদর আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষের অভিযোগই তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া