চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
২৬ জুন, ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৬-০৬-২০২৬ ০৪:০৯ অপরাহ্ন
চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
ধূমপানকে হালকাভাবে দেখার সুযোগ নেই, এখান থেকেই বিপথগামিতার শুরু : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

'বিশ্ব মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান' প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক- আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে, জেলা প্রশাসক- আহমেদ জিয়াউর রহমান বলেন, মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেসব স্থানে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে সন্দেহ রয়েছে, সেসব এলাকায় ডোপ টেস্ট কার্যক্রম চালু করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে তালিকা প্রণয়ন করা হয়েছে এবং বিভিন্ন সেমিনারে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিতভাবে কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মডেল পয়েন্ট বা মডেল ইউনিয়ন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে, যেখানে সবাই মাদকবিরোধী সমাজ গঠনে ভূমিকা রাখবে।

তিনি বলেন, মাদকাসক্তির সূচনা অনেক সময় ধূমপানের মাধ্যমেই হয়ে থাকে। কোনো বাবা-মাই চান না যে তার সন্তান ধূমপান করুক, কিন্তু আমরা অনেক সময় বিষয়টিকে হালকাভাবে দেখি। ধূমপানের ফলে একজন মানুষ ধীরে ধীরে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং খারাপ সঙ্গ ও বিভিন্ন অপকর্মের দিকে ঝুঁকে যেতে পারে। তাই ধূমপানকে কখনোই তুচ্ছ করে দেখার সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে সিগারেট ও তামাকজাত পণ্যের দোকান নিয়ন্ত্রণে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানান।

জেলা প্রশাসক আরও বলেন, শুধুমাত্র শাস্তি দিয়ে মাদক সমস্যার সমাধান সম্ভব নয়। এর আগে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে। আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হতে হবে। আমরা প্রায়ই অন্যকে দায়ী করি, কিন্তু নিজেদের দায়িত্বের কথা ভুলে যাই। সমাজের সচেতন ও আলোকিত অংশ হিসেবে আমাদের দায়িত্ব হলো অন্যদেরও সচেতন করা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উজালা রানী চাকমা- এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার- নাদিরা নূর, জেলা পরিষদের প্রশাসক- অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি- রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক- জি. এম. শাহীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি- অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ- মোশাররফ হোসেন, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি- আলম পলাশ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক- শফিউদ্দিন এবং নবরূপ নাট্য সংগঠনের উপদেষ্টা পি. এম. বিল্লাল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৬-০৬-২০২৬ ০৪:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 11 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া