প্রতিটি প্রাথমিকে নজরুলচর্চার পরিবেশ গড়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
০২ জুলাই, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন

  

প্রতিটি প্রাথমিকে নজরুলচর্চার পরিবেশ গড়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০৭-২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন
প্রতিটি প্রাথমিকে নজরুলচর্চার পরিবেশ গড়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশব্যাপী একযোগে চারদিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ৬৪টি জেলা ও ৭৪টি উপজেলায় একযোগে এই উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। আমরা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নজরুলচর্চার পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করব, যাতে শিশুরা ছোটবেলা থেকেই নজরুলের জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানতে এবং চর্চা করতে পারে।”

তিনি আরও বলেন, শিশু থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে নজরুলচর্চা বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্রোহ, মানবতা ও সাম্যের প্রতীক কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার অন্যতম ভিত্তি। এ সময় তিনি জাতীয় কবির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদী দর্শন এবং মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। চাঁদপুরে আগামী চারদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনকে নতুনভাবে তুলে ধরা হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ.কে.এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় শিল্পী এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের সাংস্কৃতিক অনুদান বিতরণ করা হয়। জেলার ৯৩ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৩৯টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে মোট ৩৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও গুণীজনদের হাতে এই অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৭-২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 23 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া