শাহরাস্তির আলোচিত হত্যা: ডাকাতির গল্প সাজিয়েও শেষ রক্ষা হয়নি দেবরবধূর
১৮ জুলাই, ২০২৬ ০৩:০৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শাহরাস্তির আলোচিত হত্যা: ডাকাতির গল্প সাজিয়েও শেষ রক্ষা হয়নি দেবরবধূর

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৮-০৭-২০২৬ ০১:৩৫ পূর্বাহ্ন
শাহরাস্তির আলোচিত হত্যা: ডাকাতির গল্প সাজিয়েও শেষ রক্ষা হয়নি দেবরবধূর

চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম (২৬) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দেবরবধূ কাজী সুমাইয়া হোসেন মিনা (২৩) কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর দায় এড়াতে তিনি ডাকাতির একটি সাজানো গল্প তৈরি করেছিলেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে প্রতিহিংসার জেরে বড় জ্যা রিগান আক্তার মিমকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে কাজী সুমাইয়া হোসেন মিনা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গত ১৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা (বেপারী বাড়ি) এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংরক্ষণসহ তদন্ত কার্যক্রম শুরু করে। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় ১৫ জুলাই নিহতের বাবা মো. কবির হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলা হওয়ার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে ওসির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলের আলামত, সাক্ষ্য-প্রমাণ, প্রযুক্তিগত তথ্য ও অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের দেবরবধূ কাজী সুমাইয়া হোসেন মিনাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি প্রতিহিংসাবশত বড় জ্যা রিগান আক্তার মিমকে গলা চেপে হত্যা করার কথা স্বীকার করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘আসামি আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে প্রতিহিংসার জেরে তার বড় জ্যা রিগান আক্তার মিমকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর দায় এড়াতে তিনি ডাকাতির একটি সাজানো গল্পও তৈরি করেছিলেন।’

নিহত রিগান আক্তার মিম মৃত সেলিম বেপারীর পুত্রবধূ। তিনি আড়াই বছর বয়সী কন্যা সাইফা ও চার মাস বয়সী ছেলে সিরাজের মা। ঘটনার সময় তার স্বামী রনি চাকরিসূত্রে ঢাকায় ছিলেন। বাড়িতে দুই গৃহবধূ, পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম (দাদা শ্বশুর) এবং তিন শিশু অবস্থান করছিল।

পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলাম তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আদালতে দেওয়া জবানবন্দি, আলামত ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৭-২০২৬ ০১:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 17 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া