শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৭-২০২৬ ০৩:০৪ পূর্বাহ্ন |
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের ব্যক্তিগত সুস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ সুস্থ সাংবাদিকরাই নিষ্ঠা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।
শনিবার (১৮ জুলাই) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের জন্য দিনব্যাপী চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে সাংবাদিক ও তাদের পরিবারের প্রায় দেড় শতাধিক সদস্যকে বিনামূল্যে চক্ষু ও সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় এবং জটিল রোগীদের উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশার উদ্দিন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. সৈয়দ আহমেদ কাজল এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর।
অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রেসক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত। সমাজের বিভিন্ন পেশাজীবীদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার হওয়া প্রয়োজন।
প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময় সদস্যরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান না। সেই বিষয়টি মাথায় রেখেই সাংবাদিকদের জন্য এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সদস্যদের কল্যাণে ভবিষ্যতে এমন কার্যক্রম নিয়মিত করার পরিকল্পনা আমাদের রয়েছে।
দিনব্যাপী এই ক্যাম্পে চক্ষু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। আয়োজকদের এই প্রশংসনীয় উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া