গণমাধ্যমকর্মীরা নিরপেক্ষ ও সাহসিকতার সাথে কাজ করলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না: ডিআরইউ সভাপতি
১৯ জুলাই, ২০২৬ ০৭:৩২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

গণমাধ্যমকর্মীরা নিরপেক্ষ ও সাহসিকতার সাথে কাজ করলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না: ডিআরইউ সভাপতি

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৯-০৭-২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন
গণমাধ্যমকর্মীরা নিরপেক্ষ ও সাহসিকতার সাথে কাজ করলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না: ডিআরইউ সভাপতি

চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৮ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সভাপতি আবু সালেহ আকন বলেছেন, ‘গণমাধ্যমকর্মীরা যদি সব রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভীকভাবে সত্য প্রকাশ করতে পারেন এবং নিজেদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবে এদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না।’

​শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে গণমাধ্যম ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ডিআরইউ সভাপতি।

​আবু সালেহ আকন বলেন, ‘গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষায় আমরা সরকারের কাছে সাংবাদিকদের নিবন্ধন, উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বেতন কাঠামো নির্ধারণ এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছি। এসব দাবি বাস্তবায়ন হলে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। অন্যথায় চাটুকারিতার ধারা ফিরে আসার সম্ভাবনা থাকবে।’

​তিনি আরও বলেন, ‘বিগত সময়ে নেতৃত্বদানকারী সাংবাদিকরা যদি মুক্তভাবে পতিত সরকারকে সঠিক নির্দেশনা দিতেন, তবে ফ্যাসিজমের সৃষ্টিই হতো না। আমরা চাই সরকার, মালিকপক্ষ এবং সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক, যাতে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সাংবাদিকরা সত্য কথা লিখতে ভয় না পান।’

​ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনের ভূয়সী প্রশংসা করে ডিআরইউ সভাপতি বলেন, ‘আমি এই প্রেসক্লাবে আসার আগে জেনে নিয়েছি এখানে সাংবাদিকদের মধ্যে কোনো বিভেদ আছে কি না। বিভেদহীন ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই আমাদের কাম্য। আমরা সবখানে সাংবাদিকদের এমন ঐক্য দেখতে চাই।’

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ডিআরইউ-এর দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ফরিদগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাছুম বিল্লাহ্, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জোবায়ের এবং ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অভিষেক অনুষ্ঠানের শুরুতে প্রধান ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার হিসেবে বাংলাদেশের সংবিধানের একটি করে কপি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা অতিথিদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৭-২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 11 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া