শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৭-২০২৬ ০৬:৩০ অপরাহ্ন |
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলবর্ষ: ২০২৬-২৭’ উদযাপনের অংশ হিসেবে চাঁদপুরে ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠন, চাঁদপুরের উদ্যোগে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক- গোফরান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি- মো: আলমগীর হোসেন পাটোয়ারী এবং চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক- আশিক বিন রহিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন, আক্কাস আলী রেলওয়ে একাডেমির সহকারী শিক্ষক, কবি ও সাহিত্যিক- ইমরান সাকির।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং মুক্তচিন্তার বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক করতে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। এর মধ্যে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি গ্রুপ এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অপর একটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই গ্রুপের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিয়ে তাদের সৃজনশীল ভাবনা রঙ-তুলির মাধ্যমে ক্যানভাসে তুলে ধরে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার সার্বিক পরিচালনা, ফলাফল মূল্যায়ন ও বিজয়ী নির্বাচন কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসান হাবীব ধ্রুব, অর্পিতা দত্ত, সিমান্ত সরকার, প্রিয়ন্তী দত্ত, শায়ন্তি দাস, পালকি কর্মকার ও শৈবাল মজুমদার।
প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে দুই গ্রুপ থেকে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতিচর্চা আরও বিকশিত হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া