শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৫-০৭-২০২৬ ০২:০৪ পূর্বাহ্ন |
নতুন পাঠ্যবইয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস উপস্থাপন করা হবে এবং কোনো ধরনের ইতিহাস বিকৃতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে নতুন পাঠ্যবই প্রণয়নের কাজ চলছে। বর্তমানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন বই প্রস্তুত করার কাজ চলছে, যেখানে কারিগরি ও জীবনমুখী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আগামী শিক্ষাবর্ষের রূপরেখা তুলে ধরে তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে একযোগে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় নিজস্ব ক্রীড়া দল গঠন করা হবে। পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও পাঁচটি বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অংশ নিক। নতুন সিলেবাসে খেলাধুলা এবং পারিবারিক মূল্যবোধ (ফ্যামিলি ভ্যালু) অন্তর্ভুক্ত করা হয়েছে।”
মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া