একাদশ ভর্তিতে সমান জিপিএ ও নম্বর পেলে বিবেচনা করা হবে যেসব বিষয়
২৬ আগস্ট, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

একাদশ ভর্তিতে সমান জিপিএ ও নম্বর পেলে বিবেচনা করা হবে যেসব বিষয়

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৫-০৮-২০২৬ ০২:০৮ অপরাহ্ন
একাদশ ভর্তিতে সমান জিপিএ ও নম্বর পেলে বিবেচনা করা হবে যেসব বিষয়

 

একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও থাকছে না কোনো ভর্তি পরীক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের মেধাক্রম তৈরি করে কলেজে ভর্তি করা হবে। তবে একাধিক শিক্ষার্থীর জিপিএ ও মোট নম্বর সমান হলে মেধাক্রমে কে এগিয়ে থাকবেন, তা নির্ধারণে বিষয়ভিত্তিক নম্বর বিবেচনা করা হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এ জন্য আলাদা কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত সোমবার (২৪ আগস্ট) জারি করা ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২৬’-এ সমান জিপিএ ও নম্বর পাওয়া শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণের নিয়ম স্পষ্ট করা হয়েছে। এতে মোট নম্বরের পাশাপাশি নির্দিষ্ট বিষয়ের প্রাপ্ত নম্বর এবং কিছু ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, একাধিক শিক্ষার্থীর জিপিএ সমান হলে প্রথমে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। মোট নম্বরও সমান হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। এতেও সমতা থাকলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় নেওয়া হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ও মোট নম্বর সমান হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।

এ ছাড়া এক বিভাগের শিক্ষার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ সমান হলে প্রথমে মোট প্রাপ্ত নম্বর এবং পরে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় নেওয়া হবে।

নীতিমালায় স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব শিক্ষার্থীদের জন্যও অগ্রাধিকার রাখা হয়েছে। ভর্তি যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন। নিজস্ব শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করার পর অবশিষ্ট আসনে বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা যাবে।

জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর। চূড়ান্ত ভর্তি শেষে ২৩ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এসব আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।

অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীপ্রতি ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন বলেও জানানো হয়েছে।

এছাড়া নির্ধারিত ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করা এবং কোনো শিক্ষার্থীর মূল ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র আটকে রাখা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৮-২০২৬ ০২:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 11 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া