শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৮-২০২৬ ১০:৩২ অপরাহ্ন |
চাঁদপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী এই বাজারটি একসময় ছিল এলাকার অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে মানুষের ভিড় ঠেলে আধা ঘণ্টা বা তারও বেশি সময় লেগে যেত। সেখানে এখন অনেক দোকানিকেই দিনের পর দিন ক্রেতার অপেক্ষায় বসে থাকতে হয়।
স্থানীয় প্রবীণদের ভাষ্য, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগেও শুক্রবার ও সোমবার হাটের দিনে শাহাতলী বাজারে মানুষের ঢল নামত। আশপাশের বিভিন্ন গ্রামের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ নৌপথে এবং খেয়াঘাট পার হয়ে বাজারে আসতেন। কৃষিপণ্য, মাছ, ধান, চাল, শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ নানা পণ্যের বেচাকেনায় মুখর থাকত পুরো এলাকা।
ডাকাতিয়া নদী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়ায় দূর-দূরান্তের মানুষের জন্য এখানে আসা ছিল সহজ। নৌকায় করে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসতেন। চাঁদপুরের পূর্বাঞ্চলের মানুষের কেনাকাটা ও ব্যবসা-বাণিজ্যের বড় একটি অংশ নির্ভর করত এই বাজারের ওপর। শুধু স্থানীয় বাসিন্দা নয়, আশপাশের বহু গ্রামের মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর অন্যতম ভরসাস্থল ছিল শাহাতলী বাজার।
কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে মানুষের জীবনযাত্রা ও যোগাযোগব্যবস্থা। আশপাশের এলাকায় গড়ে উঠেছে একাধিক নতুন বাজার ও আধুনিক মার্কেট। ফলে ক্রেতাদের নির্ভরতা বিভিন্ন বাজারে ভাগ হয়ে গেছে। ধীরে ধীরে কমেছে শাহাতলী বাজারের বেচাকেনা, হারিয়েছে পুরোনো ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে হাটের দিন দোকান খোলার আগেই ক্রেতারা এসে ভিড় করতেন। দূর-দূরান্তের ব্যবসায়ীরাও পণ্য নিয়ে দোকান সাজিয়ে বসতেন। সকাল থেকে রাত পর্যন্ত চলত বেচাকেনা। অথচ এখন অনেক দোকানে সারাদিনেও প্রত্যাশিতসংখ্যক ক্রেতা পাওয়া যায় না। ব্যবসায় টিকে থাকতে না পেরে অনেক পুরোনো ব্যবসায়ী দোকান গুটিয়ে নিয়েছেন।
ব্যবসায়ী আমির গাজী, আক্তার খান ও রিপনসহ কয়েকজন বলেন, “শাহাতলী বাজারের সেই সময় আর নেই। একসময় হাটের দিনে বাজারে তিল ধারণের জায়গা থাকত না। এখন অনেক সময় দোকানে বসে ক্রেতার অপেক্ষা করতে হয়। আশপাশে নতুন নতুন বাজার গড়ে ওঠায় আমাদের বেচাকেনা অনেক কমে গেছে।”
ব্যবসায়ীদের মতে, শাহাতলী বাজারের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজন সমন্বিত ও কার্যকর উদ্যোগ। বাজারের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও নৌ-যোগাযোগের আধুনিকায়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, হাটবার নিয়মিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা গেলে বাজারটি আবারও প্রাণ ফিরে পেতে পারে।
স্থানীয় প্রবীণদের কাছে শাহাতলী শুধু একটি বাজারের নাম নয়; এটি তাঁদের শৈশব, যৌবন, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক জীবনের অসংখ্য স্মৃতির অংশ। একসময়ের সেই কোলাহল আজ অনেকটাই স্তব্ধ হলেও মানুষের হৃদয়ে এখনো বেঁচে আছে শাহাতলী বাজারের সোনালি দিনের স্মৃতি।
স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ পরিকল্পনা এবং প্রশাসন, জনপ্রতিনিধি ও বাজার পরিচালনা কমিটির সম্মিলিত উদ্যোগে হারিয়ে যাওয়া প্রাণচাঞ্চল্য আবারও ফিরে আসবে। হাটের দিনে মানুষের পদচারণায় মুখর হবে বাজার, শোনা যাবে ক্রেতা-বিক্রেতার পরিচিত হাঁকডাক—ফিরে আসবে ঐতিহ্যবাহী শাহাতলী বাজারের হারানো গৌরব।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া