হাজীগঞ্জে ‘অলিপুর’ নামে নতুন ইউনিয়ন গঠন, পুনর্গঠন হলো আরও দুটি ইউনিয়ন
০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে ‘অলিপুর’ নামে নতুন ইউনিয়ন গঠন, পুনর্গঠন হলো আরও দুটি ইউনিয়ন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৯-২০২৬ ০৩:১৫ অপরাহ্ন
হাজীগঞ্জে ‘অলিপুর’ নামে নতুন ইউনিয়ন গঠন, পুনর্গঠন হলো আরও দুটি ইউনিয়ন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ‘১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সীমানা পুনর্গঠন করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে হাজীগঞ্জ সদর ইউনিয়নের চারটি গ্রাম এবং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পাঁচটি গ্রাম নিয়ে নতুন অলিপুর ইউনিয়ন গঠন করা হয়েছে।

নতুন ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো—সিদলা, কুর্মিদ ও সিদলার আংশিক, বেতিয়াপাড়া, সাতবাড়িয়া, উচঙ্গা, আলিপুর উত্তর, আলিপুর দক্ষিণ-১ এবং আলিপুর দক্ষিণ-২। নবগঠিত ইউনিয়নটিকে ৯টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ভাগ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নবগঠিত অলিপুর ইউনিয়নের আয়তন ৮ দশমিক ৬৩ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৪ হাজার ৩০১ জন।

অন্যদিকে, পুনর্গঠিত ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে মাড়ামুড়া-প্যারাপুর, নওহাটা, ভাটনাখাল-বানিয়াকান্দি-চাঁদপুর, সাকছিপাড়া, রামপুর, সৈয়দপুর, ভাটরা, নোয়াপাড়া-ওড়পুর এবং কালচোঁ-মোহাম্মদপুর এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ইউনিয়নের মোট আয়তন ১৪ দশমিক ৬২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৩০ হাজার ১৫৯ জন।

পুনর্গঠিত ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে কাজিরগাঁও, দুইটি বাড্ডা এলাকা, সুহিলপুর, খাকবাড়িয়া-সাহাপুর, মাতৈন, দোয়ালিয়া-সুদিয়া, মৈশাইদ ও সুবিদপুর অন্তর্ভুক্ত রয়েছে। ইউনিয়নটির আয়তন ১৫ দশমিক ৩৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ২৮ হাজার ৯৭৭ জন। জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক সুবিধার্থে সরকারি আইন ও বিধি অনুসারে নতুন ইউনিয়ন গঠন এবং দুটি ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়, স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোকে জানানো হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি বহুল প্রচারের জন্য জেলা তথ্য অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৯-২০২৬ ০৩:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 22 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া