শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৯-২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন |
সরেজমিন প্রতিবেদনে দেখা যায়, প্রতিদিন ফিশিং বোট, ট্রলার, জেলে নৌকা, ট্রাক ও পিকআপে করে শত শত মণ ইলিশ চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে আনা হচ্ছে। প্রাথমিকভাবে এসব মাছ পদ্মা-মেঘনার বলে ধারণা করেন অনেক ক্রেতা। কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন, ঘাটে আসা অধিকাংশ ইলিশ স্থানীয় নদীর নয়।
এক প্রবীণ মৎস্য ব্যবসায়ী বলেন, চাঁদপুর মাছঘাটে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসেন। তাঁদের অনেকেই স্থানীয় ও বাইরের অঞ্চলের ইলিশ আলাদাভাবে চিনতে পারেন না। ঘাটে সাগর এবং হাতিয়াসহ বিভিন্ন এলাকার মাছ আসে। স্থানীয় ইলিশ মূলত চরভৈরবী, হরিণা ও আশপাশের ঘাটগুলো থেকে আসে, যার পরিমাণ খুবই কম। তাঁর ভাষ্য, ঘাটে বিক্রি হওয়া ইলিশের প্রায় ৩০ শতাংশ চাঁদপুর অঞ্চলের এবং বাকি ৭০ শতাংশ বাইরের।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতিও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বড় স্টেশন মাছঘাটে আসা ইলিশের প্রায় ৭০ শতাংশ ভোলা, হাতিয়া, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও অন্যান্য উপকূলীয় এলাকার। চাঁদপুরের পদ্মা-মেঘনায় ধরা ইলিশের পরিমাণ ৩০ শতাংশের মধ্যে।
এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, একশ্রেণির অসাধু খুচরা বিক্রেতা ক্রেতাদের মাছ চেনার সীমাবদ্ধতার সুযোগ নিচ্ছেন। তাঁরা দক্ষিণাঞ্চল অথবা সাগর থেকে আসা ইলিশকে চাঁদপুরের পদ্মা-মেঘনার তাজা ইলিশ বলে তুলনামূলক বেশি দামে বিক্রি করছেন। এতে দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা প্রতারিত হওয়ার ঝুঁকিতে পড়ছেন।
মৎস্য বিভাগের ভাষ্য অনুযায়ী, পলি জমে চাঁদপুরের নদীর বিভিন্ন অংশ ভরাট হয়ে যাওয়ায় ইলিশের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে চাঁদপুরের মূল পয়েন্টে আগের তুলনায় ইলিশের উপস্থিতি ও আহরণ উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে বাজারের চাহিদা মেটাতে প্রতিদিন বাইরের অঞ্চল থেকে ইলিশ আনতে হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড। এই পরিচিতিকে কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চল ও সাগর থেকে আনা মাছ চাঁদপুরের ইলিশ হিসেবে বাজারজাত করার প্রবণতা তৈরি হয়েছে।
তবে বড় স্টেশন মাছঘাট শুধু চাঁদপুর অঞ্চলের মাছ বিক্রির বাজার নয়; এটি দেশের অন্যতম প্রধান মৎস্য অবতরণ ও বিপণনকেন্দ্র। তাই দেশের বিভিন্ন এলাকার মাছ এখানে আসা স্বাভাবিক। ক্রেতাদের স্বার্থ রক্ষায় মাছের প্রকৃত উৎস স্পষ্টভাবে উল্লেখ এবং স্থানীয় ও বাইরের ইলিশ আলাদাভাবে চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া