শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৯-২০২৬ ০৩:১৯ অপরাহ্ন |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সরকারি হিসাব বিবরণী সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে শাহরাস্তি উপজেলার ‘খদ্দের খাল’—ডাকাতিয়া নদীর খোর্দ থেকে মোড়াগাঁও বটতলা শৈলখালী খাল পর্যন্ত—এবং ‘নওড়া-মেহের গোদা খাল’ খননের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প দুটির জন্য মোট বরাদ্দ ছিল ৪ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৭ টাকা।
এর মধ্যে খদ্দের খাল খননে বরাদ্দ ছিল ৩ কোটি ৯ লাখ ২ হাজার ৪৭০ টাকা এবং নওড়া-মেহের গোদা খাল খননে বরাদ্দ ছিল ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা।
প্রকল্পের কাজ শেষ হওয়ার পর হিসাব করে দেখা যায়, খদ্দের খাল খননে ব্যয় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৪১৩ টাকা। অপরদিকে নওড়া-মেহের গোদা খাল খননে ব্যয় হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ১৯৪ টাকা। দুই প্রকল্পে মোট ব্যয় দাঁড়ায় ৩ কোটি ৯৭ লাখ ৬০০ টাকা। ফলে অব্যবহৃত ৪০ লাখ ৮০ হাজার ৪০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
শাহরাস্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু জানান, প্রকল্প দুটির আওতায় প্রাথমিকভাবে ১৯ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বরাদ্দের অর্থ সাশ্রয় করে আধুনিক যন্ত্রপাতির যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রায় ২১ কিলোমিটার খাল খনন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, নারী শ্রমিকের অংশগ্রহণের নির্ধারিত শর্তও বজায় রাখা হয়েছে। প্রযুক্তিনির্ভরভাবে কাজ করায় একদিকে সময় কমেছে, অন্যদিকে প্রকল্প বাস্তবায়নে ব্যয়ও সাশ্রয় হয়েছে।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে নিবিড় তদারকি, সঠিক পরিকল্পনা ও প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতির ব্যবহার করায় নির্ধারিত অর্থের মধ্যেই অতিরিক্ত কাজ করা সম্ভব হয়েছে। একই সঙ্গে অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্প বাস্তবায়ন ও অর্থ ব্যবস্থাপনার বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে প্রশংসিত হয়েছে। এর স্বীকৃতিস্বরূপ গত ৮ আগস্ট ২০২৬ তারিখে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা খাতুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সম্মানসূচক আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রকল্প বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা ও অর্থ সাশ্রয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দের অর্থ সাশ্রয় করে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কাজ সম্পন্ন করা এবং অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা ইতিবাচক। তাদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শাহরাস্তির এ উদ্যোগ অন্যদের জন্যও অনুসরণীয় হতে পারে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া