চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা: নড়াইল থেকে চক্রের ৪ সদস্য গ্রেফতার
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা: নড়াইল থেকে চক্রের ৪ সদস্য গ্রেফতার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৮-০৯-২০২৬ ০৪:০০ অপরাহ্ন
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা: নড়াইল থেকে চক্রের ৪ সদস্য গ্রেফতার

চাঁদপুরে ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে কম দামে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা একটি সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ। নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানের সময় প্রতারকদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ২টি ভারতীয় সিমসহ মোট ৪৬টি সিম কার্ড এবং নগদ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুক থেকে বিভিন্ন আকর্ষণীয় ভিডিও ও ছবি সংগ্রহ করে তা এডিট করে ফেক ফেসবুক পেজ এবং ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে আসছিল। ইলিশ মাছ ছাড়াও ফার্নিচার, জুতা, কলম, বেবি টয় ও অনলাইন জবের লোভনীয় অফার দিয়ে তারা চটকদার বিজ্ঞাপন তৈরি করত এবং তা বুস্ট করে সাধারণ মানুষের নজর কাড়ত।

ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য চক্রটি অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোতে এবং সরাসরি অডিও কলে নিজেদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। নাহিদ, জাবেদ, সনি মিয়া, হাজী আব্দুল কাদের ও সাকিবের মতো ছদ্মনাম ব্যবহার করে তারা ভুয়া জাতীয় পরিচয়পত্র, জাল ট্রেড লাইসেন্স ও নকল ভাউচার দেখাত। কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর তারা কোনো পণ্য সরবরাহ না করে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করে আসছিল।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা (মামলা নং-১১১, তারিখ-২১/০৮/২০২৬ এবং মামলা নং-০৫, তারিখ-০১/০৯/২০২৬) রুজু করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের এলআইসি শাখা ও ডিবির একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে এসআই মো. আনছার উল্লাহ, এসআই মো. জিয়াউল হক জিয়া, এএসআই মোহাম্মদ ইলিয়াছ ও এএসআই মো. জহির উদ্দিনের সমন্বয়ে গঠিত টিম নড়াইল জেলার কালিয়া থানায় অভিযান চালিয়ে গত ৬ সেপ্টেম্বর ভোরবেলায় তাদের গ্রেফতার করে। আইনগত প্রক্রিয়া শেষে ৭ সেপ্টেম্বর তাদের চাঁদপুরে নিয়ে আসা হয় এবং ৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফুরকান ওরফে ফুরকান শেখ (২৫), চান মিয়া ওরফে চান্দু শেখ (২৫), রাতুল হোসেন নবেল (২৫) এবং শহিদুল শেখ (২৩)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানা এলাকার বিভিন্ন গ্রামে।

এ নিয়ে এই চক্রের সঙ্গে জড়িত মোট ৬ জনকে গ্রেফতার করা হলো। অনলাইনভিত্তিক এ ধরনের অপরাধ রোধে চাঁদপুর জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে এবং মামলাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৮-০৯-২০২৬ ০৪:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 35 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া